Saturday, April 11, 2026
Home Blog Page 88

এসএসসি-এইচএসসি’র মূল্যায়ন সর্ম্পকে ঘোষণা চলতি সপ্তাহে

0

মহামারি করোনাভাইরাসের কারণে আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে ঘোষণা দেবেন।

জানা গেছে, ২০২১ সালের ঝুলে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাস করানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেয়া। বিষয় ও পূর্ণমান (পরীক্ষার মোট নম্বর) কমিয়ে পরীক্ষা নেয়া। এক্ষেত্রে প্রতি বিষয়ের দুইপত্র একীভূত করা।

পাশাপাশি ২০০ নম্বরের বদলে ১০০ নম্বরে পরীক্ষা নেয়া হবে। কিন্তু উভয়ক্ষেত্রেই করোনা পরিস্থিতির উন্নতি জরুরি। অর্থাৎ সংক্রমণ ১০ শতাংশের নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করে এই পরীক্ষা নেয়া হবে।

এমনটি সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ৫০ শতাংশ এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাকটিভিটিসের ওপর ৫০ শতাংশ ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা হতে পারে। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসির ফলের ৫০ শতাংশ, জেএসসির ২৫ শতাংশ এবং অ্যাসাইনমেন্টের ফলের ২৫ শতাংশ সমন্বয় করে ফল প্রকাশের জন্য প্রস্তাব করা হয়েছে।

সে বিষয়ে প্রধানমন্ত্রী একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সেটি শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে পাঠানো হয়েছে। সে বিষয়টি তুলে ধরতে চলতি সপ্তাহে সংবাদ সম্মেলন করে তা জানিয়ে দেয়া হবে। তার ভিত্তিতে শিক্ষা বোর্ডগুলো ফলাফল প্রকাশের কাজ শুরু করবে।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে সেটি হবে এখনো নির্ধারিত দিন ধার্য করা না হলেও চলতি সপ্তাহে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলার ঘটনায় জড়িত ১৫ আটক

0

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলির হাট অবৈধ কাঠ উদ্ধার অভিযানে গেলে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলার ঘটনায় ১৫ জনকে আটক করেছে র‌্যাব।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সোমবার (১২ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বাকলিয়া বলির হাট এলাকায় বন বিভাগের সহায়তায় অবৈধ কাঠ উদ্ধারে অভিযানে গেলে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিয়ে স্থানীয়রা র‌্যাবের ওপর হামলা চালায়। এতে র‌্যাবের ৪ সদস্য আহত হন।

ঘটনার পর রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত র‌্যাব অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। এই ঘটনায় অভিযান এখনো চলমান রয়েছে।

১৫ জুলাই খুলনা সিটিতে বসছে পশুর হাট

0

করোনা পরিস্থিতিতে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনার জোড়াগেট বাজার চত্বরে আগামী ১৫ জুলাই বসছে কোরবানির পশুর হাট যা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

খুলনা সিটি করপোরেশনের পশুর হাট কমিটির আহ্বায়ক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিঞা স্বপন সোমবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশুর হাট পরিচালনা করা হবে। হাটে প্রবেশের ক্ষেত্রে মাস্ক ব্যবহার করতে হবে ও প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। এছাড়া (www.Kcchaat.com) অনলাইনের মাধ্যমেও পশু ক্রয়-বিক্রয় করা যাবে।

এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

পূজা দিয়ে বিতর্কে সাইফকন্যা সারা আলী খান

0

খবরের শিরোনাম যেন সব বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং এর কন্যা সারার দখলে। সব সময়ই কোন না কোন কারণে থাকছেন খবরের শিরেনামে আর সৃষ্টি করছেন নতুন নতুন সব বির্তক।

এবার তেমনি এক বির্তকের মুখে সারা। রোববার (১১ জুলাই) আসামের কামাখ‌্যা মন্দিরে পূজা দিয়েছেন তিনি। তারই কিছু কিছু ছবি সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করার পর বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

গুয়াহাটির এই মন্দির সতীপিঠ হিসেবে জনপ্রিয় হিন্দু ধর্মালম্বীদের কাছে। মন্দিরে পূজা দেওয়ার পর ফ্রেমবন্দি হন সারা আলী খান। প্রকাশিত ছবিতে দেখা যায়—সাদা রঙের কুর্তি-পাজামা পরেছেন সারা আলী খান। আর তার গলায় ঝুলছে আসামের বিখ্যাত ও পারম্পরিক পোশাক গামছা। ক‌্যাপশনে লিখেছেন—‘কামাখ‌্যা মন্দির, গুয়াহাটি, আসাম। শান্তি, কৃতজ্ঞতা, শ্রদ্ধা।’

সারা আলী খানের এসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করার পর নেটিজেনদের অনেকে কুৎসিত আক্রমণ করছেন, অনেকে সাইফকন‌্যাকে ভালোবাসা জানিয়েছেন। কেউ কেউ সারা আলী খানের ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক।

রাজধানীর ভাটারায় লাখ টাকার জাল নোটসহ আটক ৫

0

রাজধানীর ভাটারায় জাল টাকা তৈরির কারখানায় সোমবার (১২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার জাল নোটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকেই জাল টাকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে সঙ্ঘবদ্ধ জাল টাকা তৈরির চক্রের সদস্যরা অবস্থান করছিলেন।

কোরবানির ঈদকে সামনে রেখে ওই টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিলো তাদের। এ বিষয়ে পড়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মুকসুদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৩টি পিকআপ বিতরণ

0

গোপালগঞ্জের মুকসুদপুরে ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ৩টি পিকআপ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত মুকসুদপুর উপজেলার তিনজন উদ্যোক্তার মাঝে এই পিকআপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এনএটিপি-২ প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিংগ্রান্ড প্রাপ্ত উদ্যোক্তা মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের রবিউল ইসলাম মোল্যাকে ২৩ লাখ টাকা মূল্যের, গোবিন্দপুর ইউনিয়নের রুবেল আলমকে ১৬ লাখ টাকা মূল্যের এবং ভাবড়াশুর ইউনিয়নের ইব্রাহিম মোল্যাকে ১৪ লাখ টাকা মূল্যের পিকআপ দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সরকার তিনটি পিকআপের মোট মুল্যের অর্ধেক টাকা ভুর্তুকি দিয়েছে। মূলত কৃষি পণ্য পরিবহনের জন্য সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের পিকআপ দিয়েছে।

গাঁজা গাছসহ ইউনিয়ন আ‘লীগের সভাপতি আটক

0

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশন এলাকায় রোববার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে ২শ টি গাঁজা গাছসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আ‘লীগের সভাপতি আতিক জামান ডেভিড সরকারকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযু্ক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

0

চাঁদপুরের হরিনা ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১২ জুলাই) বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। পরে এসব মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লেফটেন‌্যান্ট কমান্ডার আমিরুল হক সংবাদমাধ্যমকেকে এসব তথ‌্য নিশ্চিত করে জানান, চিংড়িগুলো বাজারজাত করার জন‌্য হরিনা ফেরি ঘাট সংলগ্ন এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন‌্যান্ট এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। চিংড়ির মালিকরা মেঘনা নদীর পাড়ে চিংড়ি রেখে পালিয়ে যায়। তাই, কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের অভিযানকালে চাঁদপুরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৬৪২ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরোদৌসী আক্তার সোমবার (১২ জুলাই) দুপুরে এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, বাগেরহাটে ২ জন এবং সাতক্ষীরা, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৭৩ হাজার ১৯২ জন। মারা গেছেন ১ হাজার ৬৪১জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ১০৬ জন।

খুলনায় পৌঁছেছে মডার্নার ২৬ হাজার ৪শ’ডোজ টিকা

0

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ঢাকা মেট্রো-শ-১৩-১৪১১) নম্বরের রেফ্রিজারেটর ভ্যানটি রোববার (১১ জুলাই) রাতে পৌঁছেছে নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকের সামনে।

পরে বেক্সিমকোর সংশ্লিষ্ট কর্মকর্তা মডার্নার ২২টি কার্টুন বুঝিয়ে দেন সিভিল সার্জন কার্যালয়ের ৫ সদস্যের কমিটির কাছে।

তারা জানান, টিকাগুলো ২ হাজার ৬৪০টি ভাওয়ালে রয়েছে। একটি ভাওয়াল থেকে ১০ জনকে টিকা দেওয়া যাবে। অর্থাৎ ২৬ হাজার ৪শ’ জন এ টিকা পাবেন।

বেক্সিমকোর আরএসএম মো. আজিজুল হক জানান, সরকার যুক্তরাষ্ট্র থেকে এ ভ্যাকসিনগুলো আনলেও সারাদেশে বিনামূল্যে সরবরাহের দায়িত্ব পালন করছে বেক্সিমকো কোম্পানি।

ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, টিকাগুলো স্কুল হেলথ ক্লিনিকের স্টোরে রাখা হয়েছে। তবে কিছু টিকা খুলনা সিটি করপোরেশনকে দেওয়া হয়েছে। মডার্নার টিকা প্রদান সংক্রান্ত (১২ জুলাই) স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর বলা যাবে কবে থেকে এগুলো দেওয়া হবে।