Saturday, April 11, 2026
Home Blog Page 87

বিকল্প ফসল চাষের মাধ্যমে তামাক চাষ নিয়ন্ত্রণ করা সম্ভব: কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশে এখন ফসলের অনেক উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি রয়েছে। এর মধ্যে ভুট্টা চাষের সম্ভাবনা অনেক। অনেক অপ্রচলিত অর্থকরী উচ্চমূল্যের ফসল ও ফল চাষেরও সুযোগ এখন তৈরি হয়েছে। তামাকের পরিবর্তে এগুলোর চাষ করে তামাকের চাষ নিয়ন্ত্রণ করা সম্ভব।

কৃষিমন্ত্রী সোমবার বিকালে তাঁর সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে ‘তামাক চাষ নিয়ন্ত্রণ ও খাদ্য উৎপাদনে করণীয়’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) ও বাংলাদেশ তামাক বিরোধেী জোট (বাটা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মন্ত্রী বলেন, দেশে এখন তামাক চাষ করার কোন যৌক্তিকতা নেই। তামাক চাষের জন্য কৃষি মন্ত্রণালয় থেকে কোন গবেষণা পরিচালনা করা হয় না। মন্ত্রণালয় থেকে ভর্তুকি প্রদান ও কোন রকম সহযোগিতাও প্রদান করা হয় না। তামাক চাষ নিয়ন্ত্রণ করতে হলে বিকল্প ফসলের চাষ কৃষকের কাছে জনপ্রিয় করতে হবে।

ওয়েবিনারে সভাপতিত্ব করেন টিসিআরসির প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার, পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।

এছাড়া,আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্রাটেজিসের হেডস অব প্রোগ্রামস মো. শফিকুল ইসলাম, সিটিএফকের লিড পলিসি এ্যাডভাইসার মো: মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, প্রমুখ বিশেষজ্ঞ আলোচক হিসাবে ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের কৃষি জমির একটি বড় অংশে তামাক চাষ হয়। এসকল জমিতে খাদ্য শস্য চাষ করা হলে তা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও উদ্বৃত্ত খাদ্য রপ্তানির মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

অন্যদিকে, তামাক চাষ কৃষি জমির উর্বরতা নষ্ট এবং কৃষক ও কৃষকের পরিবারের স্বাস্থ্যহানিসহ আশেপাশের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। দেশের আবাদি জমি রক্ষা, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে তামাক চাষ নিয়ন্ত্রণ ও তামাকের বিকল্প ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ওয়েবিনারে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

কবি নূরুল হুদা এখন বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

0

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে কবি মুহম্মদ নূরুল হুদাকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

নূরুল হুদা এর আগে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পর্যায়ে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে মারা যান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

গাজীপুরে সড়ক র্দুঘটনায় নিহত ২

0

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকায় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে রোববার গভীর রাতে রডভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— গরু ব্যবসায়ী আমজাদ হোসেন ও ট্রাকের হেলপার মনির হোসেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, উপজেলার চান্দরা এলাকায় রোববার রাতে রডভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বালিতে বিকিনি পড়ে উত্তাপ ছড়াচ্ছেন পাওলি

0

বাঙালি অভিনেত্রী তনয়া পাওলি দাম। য কিনা ‘হেট স্টোরি’ সিনেমার জন্য সাহসী ফটোশুট করে বলিউডে চমক লাগিয়েছিলেন।

হেট স্টোরি পোস্টারের জন্য টপলেস হয়ে পোজ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বিশেষ করে বাঙালি হওয়ায় বিষয়টি নিয়ে একটু বেশি সমালোচনার মুখে পড়েছিলেন পাওলি।

সম্প্রতি লাল রঙের বিকিনিতে সমুদ্র সৈকতে দেখা দিলেন পাওলি। যা এখন অর্ন্তজালে উত্তাপ ছড়াচ্ছে। উষ্ণতা মেখে সমুদ্র সৈকতে সান বাথ নিচ্ছেন পাওলি। তার পরনে লাল রঙের বিকিনি। বালির ওপর তোয়ালে পেতে সূর্যস্নান করছেন তিনি। সমুদ্রের নীল জলের পাশে পাওলি তার আগুন রূপের দ‌্যুতি ছড়াচ্ছেন। সেই আগুনের উত্তাপ এখন ইন্টারনেটে।

মূল বিষয় হলো—করোনার এই অলস মুর্হূতে সময় মিলিয়ে পুরোনো অ্যালবাম ঘেঁটে ছবিটি শেয়ার করেছেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন, ‘এক দশক আগে কোনো এক সোমবার সকাল! একাকি আমি…।

কানে ফুসফুস আকৃতির নেকলেসে নজর কাড়লেন বেলা হাদিদ

0

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা জমজমাট চলচ্চিত্র উৎসব হলো কান চলচ্চিত্র উৎসব। অনেকটাই প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠেছে গত ৬ জুলাই। ফ্রান্সের কান শহরে জড়ো হয়েছেন সারা বিশ্ব থেকে অনেক চলচ্চিত্র বোদ্ধা ও তারকারা। বরাবরের মতো এবারের আসরেও হাজির হয়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। তবে রেড কার্পেটে সবকিছুকে ছাপিয়ে গেছে তার নতুন লুক।

পশ্চিমা সংবাদমমাধ্যমে বেলা হাদিদের রেড কার্পেটে হাঁটার বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়—তার পরনে কালো রঙের বডি হাগিং নেকলাইন গাউন। তার উপর ফুসফুস আকৃতির সোনার নেকলেস। যা তার বক্ষযুগল ঢেকে রেখেছে। আর তার এই নতুন লুকের জন্যই আবারো নতুন করে এই মার্কিন মডেল আলোচনায় উঠে এসেছেন। এলসা শিয়াপ্যারেলি তার পোশাক ডিজাইন করেছেন বলে জানা যায়।

গণিতের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পদ্ধতি অনুসারে সবাইকে ছাড়িয়ে গেছেন বেলা হাদিদ। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ২৩ বছর বয়সী এই ভিক্টোরিয়াস সিক্রেট মডেলের চেহারা ৯৪.৩৫ শতাংশ নিখুঁত।

হিলিতে ৩০০ শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন কালের কণ্ঠের শুভ সংঘ

0

দিনাজপুরের হিলিতে ৩০০ শত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠের শুভ সংঘ।

সোমবার দুপুরে হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কালের কণ্ঠ পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, কালের কন্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, হাকিমপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাজীব, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক, জেলা শুভ সংঘের সভাপতি রাসেল ও হাকিমপুর শুভ সংঘের সাধারণ সম্পাদক নাসিম সহ অনেকে।

পার্বতীপুরে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে পলিমার বেঞ্চ বিতরন

0

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় ১৪৬ সেট পলিমার বেঞ্চ বিতরন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে এসব বেঞ্চ বিতরন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন, রুকশানা বারি রুকু, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, উপ-সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলমসহ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

উপজেলা চেয়ারম্যান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে পার্বতীপুর উপজেলায় অগ্রাধিকার দেয়া হয়েছে। ১৫ লাখ ৮৮ হাজার ৪৬ টাকা ব্যয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রকল্পের আওতায় এসব হাই লো পলিমার বেঞ্চ তৈরী করা হয়। তিনি করোনার সংক্রমন প্রতিরোধে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও লোকজনকে সরকারের স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহবান জানান।

বাগেরহাটে করোনা টিকা নিতে প্রচন্ড ভিড়

0

বাগেরহাট সদর হাসপাতালে করোনা টিকা নিতে আসা মানুষের প্রচন্ড ভিড় লক্ষ করা গেছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন বিভিন্ন বয়সী মানুষ। নারী ও বৃদ্ধরা পড়েছে বিড়ম্বনায়। কেউ কেউ ছাতা নিয়ে, আবার কেউ হাতের ব্যাগ মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন রোদের মধ্য।

ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় বাগেরহাট সদর হাসপাতালসংলগ্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে এ চিত্র দেখা যায়।

টিকা নিতে আসা ব্যক্তিরা বলছেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও টিকা নেওয়া সম্ভব হচ্ছে না। এখানে বসার জায়গা নেই, প্রচুর রোদে দাঁড়িয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটু পানির ব্যবস্থা নেই এখানে। আবার স্বাস্থ্যবিধিও মানছে না কেউ।

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল বলেন, টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছি। প্রতিদিন প্রচুর লোক আসে, আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, প্রতিদিন ৪০০ মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা আছে। আমরা চারশ’ মানুষকেই ম্যাসেজ দিয়েছি। কিন্তু ম্যাসেজ না পেয়েও কিছু মানুষ ভুলে এসেছে। আমরা তাদের না আসতে অনুরোধ করেছি।

বাগেরহাটে দশ দিনে ৮৮৩ মামলায় ৪ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

0

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় জুলাই মাসের প্রথম দশ দিনে ৯২২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ৮৮৩টি মামলার অনুকূলে ৪ লাখ ৪৩ হাজার ৬৩৫ টাকা জরিমানা আদায় করা হয়।

১লা জুলাই থেকে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও ৯টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশের পাশাপাশি, বিজিবি ও সেনাসদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করেছেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ রোধ করতে জেলা প্রশাসন প্রথম থেকেই নানা উদ্যোগ গ্রহন করেছে। মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি খাদ্য সহায়তাও প্রদান করেছে।

এরপরেও অতি উৎসাহী কিছু মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাইরে আসছে জরুরি প্রয়োজন ছাড়াই। যাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহা রয়েছে, আমরা তাদের আইনের আওতায় এনেছি।

গেল ১০ দিনে আমরা ৯২২ জনকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছি। এই জরিমানাটা আসলে প্রতীকী, যাতে জরিমানার ভয়ে হলেও অন্যরা সচেতন হয়, এজন্যই আমাদের এই প্রচেষ্টা।

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

0

নীলফামারীর সৈয়দপুরে লকডাউনের কারনে কর্মহীনদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা (জিআর) ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২জুলাই) দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় এক হাজার অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইউপি সদস্য ইলিয়াছ আলী, চেয়ারম্যানের সহকারী মোহাইমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ।

খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয় চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল আধা কেজি, মসুর ডাল ১ কেজি ও লবণ ১ কেজি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, করোনার কারণে অটো-রিকশা ও ভ্যান চালকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সে কারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম জানান, চলতি লকডাউনের কারনে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষের তালিকা করে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।