Friday, April 3, 2026
Home Blog Page 131

ওবায়দুল কাদেরকে মেরে ফেলার হুমকি দিলেন কাদের মির্জা

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্ত্রীসহ মেরে ফেলার হুমকি দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

কাদের মির্জার দাবি করেছেন, তার বড়ভাই ওবায়দুল কাদের তাকে শেষ করে দিচ্ছেন। ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেছেন, চোখ রাঙাবেন না, মুখ সামলান, যা ইচ্ছা তা করবেন, এটা হতে পারে না।

শনিবার (২৬ জুন) দুপুর ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের প্রতি প্রশ্ন ছুড়ে কাদের মির্জা বলেন, কী করবেন আমাকে? জেল দেবেন, দেন। অভ্যাস আছে। আমনেও রেডি অন, সময় মত যাইবেন। আমনে আমারে ঢুকাবেন, আমনে বুঝি বাঁচি যাইবেন। আঁরে মারি আলাইবেন। আমি রেডি করি যামু। কারে রেডি করি যামু বলতে পারবো না। তিনজনের নাম বলেছি। আমাকে মারলে, তিনজনকে মেরে ফেলবি। আপনে, আপনার বউ আর একরাম। তিনটা মারি ফেলবি। জেলে দেক, আমাদের হত্যা করবে বলে হুমকি দিছে বলে আর বিরুদ্ধে মামলা করুক, করবে জানি।

ওবায়দুল কাদেরকে ঘরের শত্রু বিভীষণ উল্লেখ করে তিনি বলেন, আজকে ঘরের শক্র আমাকে শেষ করে দিচ্ছে। আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কি জন্য নিয়েছেন, সেটাও খুঁজে পেয়েছি। আমি ওনার এবং ওনার স্ত্রীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো বলবো- এতো ন্যক্কারজনক, এতো ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি, আমার পরিবারে আমার আত্মীয় স্বজন ইতোমধ্যে সবাইকে অর্থ দিয়ে মন্ত্রীত্বের প্রভাব খাটিয়ে আমার বিপক্ষে নিয়েছে।

মির্জা কাদের বলেন, আপনি যেমন বাইরে কারো সহযোগিতায় এখানে রাজনীতি করেন। আমরাও পিছিয়ে নেই। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। চোখ রাঙাবেন না, মুখ সামলান, যা ইচ্ছা তা করবেন হতে পারে না। একরামকে নিজামকে নোয়াখালী ফেনীর রাজনীতিতে পুনর্বাসন করেছে।

তিনি বলেন, আমার নানা কি শান্তি কমিটির প্রধান ছিলেন? আমার আব্বা কি রাজাকার ছিলেন। আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে। আপনি মেনে নিতে পারেন। আমি মেনে নিতে পারি না। আমি যদি বেঁচে থাকি, এর প্রতিশোধ আমি নেব। আপনি পারবেন না। একরাম আজকে বলে আমি ওবায়দুল কাদেরকে মাসোহারা দিই। নিশ্চয় কোথাও আপনার দুর্বলতা আছে।

কাদের মির্জা আরও বলেন, সাতবার আমাকে মারার পরিকল্পনা করেছে। আপনার কাছে কোনো বিচার পাই নাই। আমি প্রশাসনকে বলছি, তারা টাকা পয়সা খাইয়ে সরে গেছে। এটাতো আমি বুঝি, আপনি আমাকে মারতে চান আপনার স্ত্রীকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য, এটা স্পষ্ট। আমনে মারি পালাইলে মারি পালান। আমি আপনার স্ত্রীর ভোট করতে পারবো না।

সারাদেশে করোনায় ৭৭ জনের মৃত‌্যু

0

সারাদেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘন্টায় আরও ৭৭ জনের মৃত‌্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৩ জন।

২৫ জুন সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২২.৫০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩.৬২ শতাংশ। সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৫৯ শতাংশ।

টিকা তৈরির কারখানা স্থাপন হবে গোপালগঞ্জে : স্বাস্থ্যমন্ত্রী

0

বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে। লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। এমনটাই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

শনিবার (২৬ জুন) মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিন কোটি ভ্যাকসিন ক্রয়ের চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি ভ্যাকসিন পাওয়া গেছে। চীনের সঙ্গে দেড় কোটি ভ্যাকসিন চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ৬ কোটি ভ্যাকসিন বুকিং দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সব প্রতিশ্রুতি রক্ষা হলে আগামী ডিসেম্বরের মধ্যে ১১ লাখ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ফাইনাল পরীক্ষা স্থগিত

0

মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হয়েছে‘লকডাউনে’র সময়সীমা। আর এ লকডাউন বাড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ও স্নাতকোত্তর এর সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৬ জুন) রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে কঠোর লকডাউন দেওয়ার কারণে আগামী ২৭ জুন থেকে অনুষ্ঠিতব্য বাকৃবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ধরনের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও ক্লাস টেস্ট অনলাইনে যথারীতি চলবে। ফাইনাল পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, সারাদেশে সম্প্রতি করোনা সংক্রমণের হার ব্যাপকহারে বেড়ে যাওয়ায় ও কঠোর ‘লকডাউন’ঘোষণা করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা আবারো পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেব।

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

0

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে শনিবার (২৬ জুন) তিন দিনের সফরে ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন।

ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

দীর্ঘ ১৬ মাস পর টেস্ট স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ১৬ মাস পর জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াডে যুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর দল থেকে বাদ পড়েন। তাকে সাদা পোশাকে আর বিবেচনায় আনেনি টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একটি টেস্ট খেলবে। ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে। এরপর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের তিনটি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

ভুয়া ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ মিমি চক্রবর্তী

0

সম্প্রতিই তৃতীয়লিঙ্গের মানুষের সাথে টিকা নিয়েছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী।  ভূয়া ভ্যাকসিন নেয়ার ৪ দিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী। 

জানা গিয়েছে, ভোরের দিকে অসহ্য পেটে ব্যথা শুরু হয় মিমির। সঙ্গে ঘাম দিতে থাকে। ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। রক্তচাপও বেশ কিছুটা কম ছিল। তারপর ভোর ৬টায় মিমির পারিবারিক চিকিৎসক তার বাড়িতে আসে। চিকিৎসক মিমিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও রাজি হননি তিনি। আপাতত বাড়িতে থেকেই চলছে চিকিৎসা।

মিমিকে দেওয়া করোনার এই প্রতিষেধক পরীক্ষার জন‌্য ল‌্যাবে পাঠানো হয়। এ বিষয়ে কলকাতা পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞরা দাবি করেছেন —সম্ভবত হাম বা বিসিজি‘র টিকা কিংবা পাউডার গোলা পানি দেওয়া হয়েছিল অভিনেত্রীকে।

এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন, ‘পৌরসভার ফরেনসিক বিশেষজ্ঞদের মুখে খবরটা পাওয়ার পরে আমি চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যা জলে গুলে দেওয়া হয়েছে। পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেওয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। জলে মিশিয়ে দেওয়া হয়েছে বলে সম্ভবত সে রকম ক্ষতি করবে না বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে এক ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। যার জেনেরিক নাম অ্য়ামিকাসিন। সেই ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে চালিয়ে দিয়েছিল দেবাঞ্জন দেব।

এমনকি দেবাঞ্জন নিজেকে ইন্ডিয়ান অ্যাডমিনেস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার বলেও পরিচয় দিতেন। যদিও সেটাও ছিল ভুয়া। পাশাপাশি নিজেকে কলকাতা করপোরেশনের বড় কর্তা বলে দাবি করতেন। বিগত বছরগুলোয় দেবাঞ্জনকে দেখা গিয়েছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমসহ রাজ্যের অতিবড় মাপের নেতামন্ত্রীদের সঙ্গে। এমন কী ভিআইপি হিসেবে গাড়িতে নীল বাতিও ব্যবহার করতেন দেবাঞ্জন। সাধারণ রাজ্যবাসীসহ বিরোধীদের প্রশ্ন এতগুলো বছর দেবাঞ্জনকে কেন চিনতে পারলো না প্রশাসন। নাকি, না চেনার ভান করেই থাকত প্রশাসন। সর্ষের মধ্যে ভুত কিনা তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যাংক খোলার সিদ্ধান্ত হবে রোববার

মহামারি করোনার সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে শুরু হওয়া এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ ব্যাংক বন্ধ না খোলা থাকবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামী রোববার (২৭ জুন) ব্যাংকগুলোকে জানানো হবে। ‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

জার্মানিতে এক ব্যক্তির ছুরিকাঘাতে নিহত ৩

জার্মানির বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে শুক্রবার (২৫ জুন) এক ব্যক্তির এলোপাথাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। (খবর বিবিসি)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর সোমালিয়ার ২৪ বছর বয়সী এক নাগরিককে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

পুলিশ বলেছে, সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই। তবে এই হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

হামলার পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

0

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শনিবার (২৬ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নবনিযুক্ত সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।

পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনার দেয়।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ১০ মিনিটে তিনি গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের জন্য চলে যান।