Saturday, April 11, 2026
Home Blog Page 84

নারায়ণগঞ্জে ড্রেন সংস্কারের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

0

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টায় ড্রেন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেয়াল ধসে আহত ৩ শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের মধ‌্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

দুস্থদের সহায়তায় ৩২০০ কোটি টাকা প্রণোদনা প্রধানমন্ত্রীর

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার (১৩ জুলাই) এ তথ্য জানান।

প্রণোদনার নতুন ৫টি প্যাকেজ হলো-

১. দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌপরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য ৪৫০ কোটি টাকা বরাদ্দ।

২. শহর এলাকার নিম্ন আয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ১৪ দিন ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ ১৫০ কোটি টাকা।

৩. ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ ১০০ কোটি টাকা।

৪. গ্রামীণ এলাকার কর্মসৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সংস্থান ব্যাংক ও পিকেএসএফ-এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে (৪ শতাংশ সুদে) এর আগে বরাদ্দ ৩ হাজার ২০০ কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ এক হাজার ৫০০ কোটি টাকা।

৫. পর্যটন খাতের হোটেল মোটেল, থিম পার্কের জন্য কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ব্যাংকের মাধ্যমে ৪ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সহায়তা দিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ।

ঈদুল আজহা উপলক্ষ্যে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা বন্দর

0

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্ধ থাকবে ১২ দিন। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী বন্দরে ১৯-৩০ জুলাই পর্যন্ত মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ৩১ জুলাই থেকে বন্দর কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

ফকিরহাটে কোরবানির সময়েও কাজ নেই কামারপাড়ায়!

0

এক সপ্তাহ পরেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির এ ঈদে মুসলমানরা হাজার হাজার গবাদিপশু কোরবানি দেন। কিন্তু এবছর বাগেরহাটের ফকিরহাটে কামারপাড়া সরব হয়ে ওঠেনি। সারা বছর তেমন কাজ না থাকলেও এই ঈদে কিছু বাড়তি আয়ের আশায় থাকেন এখানকার প্রায় ৪০টি কামার পরিবারের সদস্যরা। কিন্তু উপজেলায় মহামারী করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় সে আমেজে ভাটা পড়েছে। গত দু’সপ্তাহ লকডাউন ও কাজ হারিয়ে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস হওয়ার প্রভাব পরেছে কামারপাড়ায়।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, ফকিরহাট বাজার কামারপাড়ার কামারেরা খুব অল্পসংখ্যক দা, বঁটি, ছুরি, চাপাতি তৈরি করছেন। কোরবানির ঈদ কেন্দ্র করে এই সময়ে কামারদের ব্যস্ত সময় পার করার কথা থাকলেও সেই চিত্র চোখে পড়েনি। উপজেলার কাটাখালী, নোয়াপাড়া, লখপুর, বাহিরদিয়া বাজারের কামারদের অবস্থা একই রকম। ক্রেতার দেখা না পেয়ে তাই হতাশ কামারেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর ঈদুল আজহার সময় কোরবানির গবাদিপশুর মাংস কাটার জন্য প্রচুর দা, চাপাতি, কুড়াল ও ছুরি প্রয়োজন হয়। এসব তৈরি করতে কামারেরা বছরের এই সময় থাকেন খুব ব্যস্ত। অথচ এবার করোনার কারণে কাজ হারিয়ে জেলার প্রত্যন্ত এলাকার মানুষ অনেক কষ্টে আছে। এ কারণে কোরবানির গরু ছাগলের গোস্ত কাটার জন্য তাঁরা এসব উপকরণ কিনতে কামারপাড়ায় আসছে না। এ জন্য এখনো জমে ওঠেনি কামারপাড়া।

বাহিরদিয়া গ্রামের গোবিন্দ কর্মকার, টাউন নোয়াপাড়া গ্রামের অরুন দাস, লকপুর গ্রামের সুনু কর্মকার বলেন, ঈদের ১৫-২০ দিন আগে থেকেই বটি, দা, ছুরি, চাকু ও চাপাতিসহ নানা হাতিয়ার তৈরি করতাম। এ বছর করোনা সংক্রমণ বেশি হওয়ার কারণে গত বছরের তুলনায় কাজ অনেক কম। এভাবে চলতে থাকলে এক সময় এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাওয়া ছাড়া উপায় থাকবে না।

তারা বলেন, সারা বছর কোনো মতে কাজ করে সংসার চালাই। আমরা আশায় থাকি কোরবানির ঈদে বাড়তি আয় করব। কিন্তু এবার আর সে আশা মনে হয় পূরণ হচ্ছে না। করোনাভাইরাসের কারণে ক্রেতার সংখ্যা খুবই কম। কয়লা ও লোহার যে দাম, সেই দামের সঙ্গে সমন্বয় করে পণ্য বিক্রি করতে পারছি না।’

এ বিষয়ে ফকিরহাট উপেজলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘আসলে এই দা, ছুরি ও চাপাতি তৈরির পেশার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের আয়ের পরিমাণ খুবই কম। বছরের এই ঈদের সময়ে যে অতিরিক্ত আয় হয়, তা দিয়েই কোনো রকম চলে যায় সারা বছর। করোনার কারণে এবার তাঁদের কাজের পরিমাণ খুবই কম। তবে তাদের সামাজিক নিরাপত্তা বলয়ে এনে সহায়তা প্রদানের কাজ অব্যহত রয়েছে।

কঠোর বিধিনিষেধ শিথিল, ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে

0

সরকারের ঘোষিত চলমান লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করায় বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে। চলবে ২২ জুলাই পর্যন্ত। এই সময়ের জন্য সব টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট বিক্রি হবে মোট আসনের ৫০ শতাংশ। ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার ৫ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১৪৪ জনের। সুস্থ হয়েছেন ১৭৩ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার (১৩ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ‌্যে ৫ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ ছিলো ১৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ ব্যক্তি ছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শজিমেক হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে আরও ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২.১৫ শতাংশ। মোট করোনায় আক্রান্ত হলেন ১৬১৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৮০৭ জন। মোট মারা গেছেন ৪৮০ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৮৯১ জন।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৮৮ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এসব মঙ্গলবার (১৩ জুলাই) তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া, যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, নড়াইল ও মেহেরপুর ৩ জন করে, চুয়াডাঙ্গায় ২ জন এবং বাগেরহাট ও সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

রাজধানীর শেরে বাংলা নগর, ভাটারা ও কারওয়ান বাজারে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করে জানান, নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যালের মর্গে রাখা হয়েছে।

সোমবার (১২ জুলাই) রাত ১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সামনে গরুর ট্রাক থেকে পড়ে রাসেদ নামে এক যুবক নিহত হয়েছেন।

রাজধানীর ভাটারা ছোলমাইদ এলাকায় সোমবার (১২ জুলাই) রাত পৌনে ১টার দিকে ট্রাকচাপায় রাকিবুল ইসলাম নামে এক কিশোর মারা যান।

এছাড়া, কারওয়ান বাজার এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) সকালের দিকে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্বাস্থবিধি মেনে চলবে গণপরিবহন

0

মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৪ জুলাই থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল থাকবে। এসময় কঠোর স্বাস্থ‌্যবিধি মেনে চলবে গণপরিবহন।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করো হলো।

তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে।

বিদেশি অস্ত্র ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

0

বিদেশি অস্ত্র ও গুলিসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার শাপলা হাউজিংয়ের বাসায় অভিযান চালিয়ে সোমবার (১৩ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব -৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর মোহাম্মদ কামরুল সোহেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উজ্জ্বল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১০টির বেশি মামলা আছে। ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজি, অস্ত্র মামলাও রয়েছে। উজ্জ্বলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।