Tuesday, March 31, 2026
Home Blog Page 25

মল্লিকার টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

সিরাজগঞ্জের মেয়ে মল্লিকার (২২) জন্য তুরস্ক থেকে ছুটে এসেছেন মুস্তফা ফাইক (৩০)। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের সম্পর্ককে স্বীকৃতি জানাতেই তুরস্ক থেকে ছুটে এসেছেন তিনি। সোমবার (৪ নভেম্বর) রাতে মুসলিম রীতিতে বিয়ে করেন তারা।

জানা গেছে, মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামের কামরুজ্জামান মানিকের মেয়ে। তিনি অর্নাস ৩য় বর্ষের ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর সোমবার রাতে মুসলিম রীতিতে মল্লিকাকে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন: শমী কায়সার গ্রেফতার

দুই পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়েছে জানিয়ে মল্লিকা বলেন, আমাকে ভালোবেসে মুস্তফা তুরস্ক থেকে বাংলাদেশে এসেছেন। আমি বলেছিলাম বাংলাদেশে এলে তাকে বিয়ে করবো। ধুমধাম আয়োজনে সেই বিয়ে সম্পন্ন হয়েছে। সুখ-দুঃখে আমরা সব সময় একসঙ্গে থাকবো। এ সময় মল্লিকা তার স্বামীর সঙ্গে তুরস্কে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে বলেন ভিসা প্রসেসিং হলেই চলে যাবো।

নিজেকে প্রকৌশলী দাবি করে তুরস্কের নাগরিক মুস্তফা ফাইক বলেন, আমি মল্লিকাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালবাসার মানুষের জন্য এদেশে এসেছি। আমরা সারাজীবন একসঙ্গে থাকব।

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

যুদ্ধবিধ্বস্ত দেশ লেবানন থেকে আরও ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) দিনগত রাতে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী তাদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ সরকারের উদ্যোগে এসব বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আরও পড়ুন: শমী কায়সার গ্রেফতার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সচিব মো. রুহুল আমিন বলেন, লেবাননে থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে।

প্রসঙ্গত, লেবানন থেকে এখন পর্যন্ত ৯ ফ্লাইতে ৪৮৮ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।

শমী কায়সার গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

এর আগে গত ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। এছাড়া ২০২৪-র নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে আসনটি থেকে মনোনয়ন পাননি তিনি।

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

সব অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ৫ নভেম্বর সকাল ৭টা থেকে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির বিভিন্ন রাজ্যে সময়ের ব্যবধান থাকায় সময়কে সমন্বয় করে ভোট শুরু এবং শেষ হবে।

মার্কিন মুলুকে ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে মূল লড়াইটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে জরিপগুলো।

এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ছয় প্রার্থী। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, স্টেটের বিভিন্ন আইন সভায় তারাই আবার দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: কমালো এলপিজির দাম

টানা চতুর্থ মেয়াদে সিনেটর হওয়ার দৌঁড়ে আছেন জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান। একই স্টেটের ডিস্ট্রিক্ট-৭ থেকে পুনরায় লড়ছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেক্টিকাট ডিস্ট্রিক্ট-৪ থেকে সিনেটর হওয়ার লড়াইয়ে আছেন চাঁদপুরের মাসুদুর রহমান।

ভার্জিনিয়ায় সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ভোটযুদ্ধে রয়েছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম সেলিম। তারা সবাই ডেমোক্র্যাট প্রার্থী।

নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট-২০ থেকে ষষ্ঠ মেয়াদে লড়ছেন পিরোজপুরের সন্তান আবুল বি খান। তিনি রিপাবলিকান প্রার্থী।

নিউ জার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে রয়েছেন। এবারও জয়ের আশাবাদী এই ডেমোক্র্যাট প্রার্থী।

কমালো এলপিজির দাম

টানা চার দফা দাম বৃদ্ধির পর ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

আরও পড়ুন: তিলধারণের ঠাঁই নেই ইসলামি মহাসম্মেলনে

প্রসঙ্গত, ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা করেছিল বিইআরসি। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজিতে ৪৪ টাকা দাম বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা করা হয়েছিল এলপিজির দাম।

তিলধারণের ঠাঁই নেই ইসলামি মহাসম্মেলনে

পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। তিলধারণের ঠাঁই নেই সম্মেলনে। লাখো আলেম-ওলামা অংশগ্রহণ করেছেন এই সম্মেলনে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সম্মেলনে যোগ দিতে ফজরের নামাজের পরপর সেখানে জমায়েত হয়েছেন আলেম-ওলামারা। সকাল ৯টায় সম্মেলন শুরু হয়।

সম্মেলনের শুরু থেকেই একেক করে বক্তব্য দিচ্ছেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর বসে, দাঁড়িয়ে বক্তব্য শুনছেন দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতা।

আরও পড়ুন: গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার

সম্মেলনে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী হাটহাজারী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা আব্দুল কুদ্দুস, ফরিদাবাদ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মনসুরুল হক, মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ উপস্থিত আছেন।

‘মানুষ সচেতন হলেই ঝুঁকি হ্রাস পাবে’

ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ভূমিকম্প মোকাবেলায় ভূমিকম্প ব্যবস্থাপনায় পারদর্শী অন্য দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আদলে কার্যকর মডেল সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে প্রস্তুত রাখা এখন সময়ের দাবি। এসব কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত ‘নগর দুর্যোগ ব্যবস্থাপনা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, জীবন রক্ষার জন্য আমাদের প্রয়োজন শক্তিশালী প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা, উন্নত বিল্ডিং কোড এবং আরও ভালো নগর পরিকল্পনা। মানুষ সচেতন হলেই ঝুঁকি হ্রাস পাবে। সবাইকে সচেতন করার কাজটি অত্যন্ত কঠিন। এই সচেতনতা আমাদের প্রত্যেকের ঘর থেকেই আরম্ভ করতে হবে এবং, অভ্যাসে পরিণত করতে হবে। এছাড়া সরকারের উপর নির্ভর না করে সর্বোতভাবে ভলান্টিয়ার সৃষ্টি করতে হবে। আমাদের সকল সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে নিজস্ব উদ্ভাবনী ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এ জন্য যথেষ্ট গবেষণার প্রয়োজন। আমি আশা করি তরুণ প্রজন্ম এসব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের চেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আমাদের দারিদ্র্য। বাংলাদেশের প্রায় ৭৫টি উপজেলার শতকরা ৫০ থেকে ৮০ ভাগ জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বাস করে। তিনি বলেন, দারিদ্র্যজনিত অপুষ্টি একটি দুর্বল জাতি সৃষ্টি করবে যার পরিমাণ হবে ভয়াবহ। তাই আমি দারিদ্র্যকে দুর্যোগ হিসেবে বিবেচনায় নিয়ে সেলক্ষ্যে কাজ করে যাচ্ছি।

খুলে দেওয়া হলো সাজেক-খাগড়াছড়ি

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনার জেরে তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। অবশেষে এক মাসেরও বেশি সময় পর মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি গণমাধ্যমতে নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটকশূন্য থাকায় রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা।

আরও পড়ুন: গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার

পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

গান বাংলার প্রধান নির্বাহী তাপস গ্রেফতার

গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

আরও পড়ুন: ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

রওনক জাহান বলেন, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু

আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের ইজতেমা ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (০৪ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দু’পক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারিরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দু’পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছে।