Sunday, June 14, 2026
Home Blog Page 164

পীরগঞ্জে ড্রেজার মেশিন ও উৎকল দিয়ে বালু উত্তোলন, দেখার কেউ নেই

0

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ কায়ুম সূর্যপুর গ্রামের একটি পুকুর থেকে সরকারি নিষেধাজ্ঞা ও আইন অমান্য করে দেদারসে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন। বিষয় টি যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, সূর্যপুর প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে একটি পুকুর থেকে প্রতিনিয়ত ড্রেজার মেশিন ও উৎকল দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে দেদারসে বালু বিক্রয়ের ব্যবসা করে আসছেন মোঃ কায়ুম।

ড্রেজার মিশিনে বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছেন এই বালু ব্যাবসায়ী। এলাকার কতিপয় প্রভাবশালীদের ম্যানেজ করে নিজের প্রভাব দেখিয়ে অসহায় এক গরীবের বাড়ীর পাশে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাহাড় গড়ে তুলেছেন মোঃ কায়ুম।

এ বিষয়ে সাংবাদিকের সাথে কথা হলে মোঃ কায়ুম মুঠোফোনে বলেন, আমি একজন বালু ব্যাবসায়ী। আমি প্রশাসনকে মেনেজ করেই বালু উত্তোলন করছি।আমি আমার জমিতে বালু উত্তোলন করবো এতে কার কি আসে যায়। আপনার ইচ্ছে হলে নিউজ করতে পারেন। এতে কোন বাধা নেই।

অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত প্রায় ৩ লাখ

সারাবিশ্বে বেড়েই চলছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ভারতে একদিনে বিশ্বের অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।

সেখানে বুধবার (২১ এপ্রিল) প্রায় ৩ লাখ ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেল।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে একদিনে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৩ লাখ ৭ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছিল।

এনএইচ২৪/জেএস/২০২১

কোয়েটা শহরের হোটেলে হামলার দায় স্বীকার পাকিস্তান তালেবানের

কোয়েটা শহরের বিলাসবহুল সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় বুধবার রাতের বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান।

তেহরিক-ই-তালবানের (টিটিপি) এক মুখপাত্র এই দায় স্বীকার করেছেন। খবর-বিবিসি।

এ হামলায় ৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১২ জন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন।

তবে তালেবান দায় স্বীকার জানিয়েছে, পুলিশসহ অন্যান্য কর্মকর্তাদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে, কোয়েটায় এই নিন্দনীয় ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নিরাপরাধ ব্যক্তিদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

ধ্বংসের দারপ্রান্তে রংপুরের এক কাতার মসজিদ

0

উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলাগুলোর মধ্যে অন্যতম রংপুর জেলা। সুদীর্ঘকাল থেকে এই বিভাগীয় জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকারী। এ জেলায় রয়েছে প্রাচীন স্থাপত্যের অনেক নির্দশন। তেমনই একটি স্থাপত্য আকন্দপাড়ার এক কাতার মসজিদ। রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে ঐতিহাসিক এই নিদর্শনটির অবস্থান।

শ্যামপুর থেকে এক কিলেমিটারের কম দূরত্বে ১১ নম্বর গোপালপুর ইউনিয়ন। এই ইউনিয়নের আকন্দপাড়ার নান্দিনার দিঘীর পাড় থেকে মাত্র ৩’শ গজের মধ্যেই পুরাতন এ ছোট মসজিদটি। গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে মসজিদটির অবশিষ্ট অংশটুকু।

চারদিকে বাঁশের ঝাড়, তলাপাতা আর গাছগাছালিতে আড়াল হয়ে আছে ঐতিহাসিক এ নিদর্শনটি। বিরাট একটি বটবৃক্ষের ভারে নুয়ে পড়েছে মসজিদের অবকাঠামো। জঙ্গলের ভেতর ভুতুড়ে পরিবেশে থাকা মসজিদটি এখন পরিত্যক্ত। দীর্ঘদিনের অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে মসজিদটি নিয়ে কারও কোনো মাথা ব্যথাও নেই।

ঝোঁপঝাঁড় এড়িয়ে একটু ভেতরে গেলে চোখে পড়ব ইটের গাঁথুনি আর শৈল্পিক কারুকার্যে তৈরি মসজিদটি। সামান্য পরিমাণ জায়গায় দাঁড়িয়ে থাকা— এই মসজিদের আয়তন নিয়ে বেশ কৌতূহল রয়েছে। এক গম্বুজ মসজিদবিশিষ্ট মসজিদটিকে অনেকে ‘এক কাতারি’ মসজিদ বলে ডেকে থাকেন। কারণ মসজিদটি এতই ছোট যে, এখানে ইমামসহ ৩-৪ জনের বেশি নামাজ পড়া সম্ভব না।

মসজিদটির উত্তর দক্ষিণে ৬ ফুট ৭ ইঞ্চি ও পূর্ব পশ্চিমে ১১ ফুট ৯ ইঞ্চি। দেয়াল ১ ফুট ১১ ইঞ্চি চওড়া। আয়তনে এত ছোট মসজিদ দেশের আর কোথাও রয়েছে কিনা, তা নিয়েও রয়েছে অনেক কৌতূহল।

কারুশিল্প খচিত মসজিদের গম্বুজসহ ভেঙে পড়েছে এর অবকাঠামো। মসজিদের গম্বুজ বেয়ে উঠেছে একটি বিরাট বটগাছ। এই বটবৃক্ষের ভরে খসে পড়েছে গাঁথুনি। ভেঙে পড়েছে দক্ষিণের দেয়ালটি। ছোট ছোট ইটের গাঁথুনিতে তৈরি প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই মসজিদে সময়ের পরিক্রমায় সংস্কারের ছোঁয়া লাগেনি। অযত্ন-অবহেলা আর সংরক্ষণের উদ্যোগ না থাকায় বর্তমানে মসজিদটি ধ্বংসের দ্বারপ্রান্তে। বর্তমানে মসজিদের কোল ঘেঁষে দুইটি কবর রয়েছে।

মসজিদটি দেখতে প্রায়ই দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পর্যটক ও দর্শনার্থীরা ছাড়াও স্থানীয় লোকজন আসেন। অনেকেই এ মসজিদ সংরক্ষণে লেখালেখিও করছেন। এ ব্যাপারে স্থানীয় গবেষক জাহাঙ্গীর আলম জানান, মসজিদের কোথাও ফলক নেই। যা দেখে বোঝা যাবে এটি কত সনে নির্মিত। তবে মসজিদটি কারো মতে আড়াই শ’ বছর থেকে ৫০০ বছরের পুরাতন হবে। এখানকার পূর্বপুরুষদের মতে এই অঞ্চলে এত ছোট মসজিদ আর নেই। এর জমির পরিমাণ ও আকার-আয়তন খুবই কম।

তিনি আরও জানান, মসজিদের উত্তর দক্ষিণে ৬ ফুট ৭ ইঞ্চি ও পূর্ব পশ্চিমে ১১ ফুট ৯ ইঞ্চি। দেয়াল ১ ফুট ১১ ইঞ্চি চওড়া। একটি প্রবেশ পথ ও মেহরাব রয়েছে। মসজিদটিতে ইমামসহ ৩-৪ জন নামাজ পড়তে পারতেন। মসজিদটির মিনার বা গম্বুজটি ভেঙে পড়েছে। বর্তমানে মসজিদটিকে ঘিরে একটি বিরাট বটগাছ বেয়ে উঠেছে।

প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষণ ও সংস্কারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে স্থানীয়দের। আকন্দপাড়ার বাসিন্দা কৃষক বাবর আলী বলেন, এত ছোট মসজিদও হয়, তাও মিনারসহ? তাদের বাপ-দাদার পূর্বপুরুষরা এই মসজিদের ইতিহাস ভালো জানতেন। আমরা শুনেছি এটি প্রায় ৩ থেকে ৪’শ বছর আগের মসজিদ। এই মসজিদটি সংস্কার করে পর্যটন শিল্পের সঙ্গে এই মসজিদটিকে যুক্ত করা হলে এখানে আরো মানুষ আসবে।

একই এলাকার হাজী সেকেন্দার আলী বলেন, আমার বয়স ষাটের কাছাকাছি। আমি তো জন্মের পর থেকে মসজিদটি ওই ভাবে পরিত্যক্ত দেখে আসছি। ওখানে নামাজ হয় না। আগে তো ওই জঙ্গলে সাপ পোকামাকড় ছিল। সেখানে কেউ আর যায় না। এখন গ্রামে একটি নতুন মসজিদ রয়েছে, সেই মসজিদেই নামাজ আদায় করা হয়।

স্থানীয় বৃদ্ধ মহসীন আলী সাংবাদিকদের বলেন, আমার বাপদাদারাও বলতে পারেনি এ মসজিদ কত সালে তৈরি। ছোটবেলা থেকেই ঝোঁপ জঙ্গলের ভিতর ওই মসজিদটি দেখে এসেছি। এখন তো আগের মতো জঙ্গল নেই, পোকাকামড়ের ভয় নেই। মসজিদটি সংরক্ষণ ও সংস্কারের অভাবে চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। সরকারি ভাবে যদি কোনো উদ্যোগ নেয়া যায়, তাহলে হয়তো ঐতিহাসিক নিদর্শন হিসেবে এটার স্মৃতিচিন্থ থাকবে।

পুরাতন এ মসজিদ সংরক্ষণের দাবি জানিয়ে রংপুরের ইতিহাস গবেষক ও লেখক রানা মাসুদ বলেন, সম্ভবত এটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ। এক গম্বুজ ও এক কাতারের মসজিদ। এখন এটার আমরা ধ্বংসাবশেষটা দেখছি। এর দেয়ালগুলো ভেঙে পড়ে গেছে। বটগাছ ও পাকড়গাছ মসজিদের চারিদিকে উঠে গেছে। দীর্ঘদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ করা হয়নি।

তিনি আরও বলেন, ছোট এই মসজিদটির আয়তন দৈর্ঘ্য ৯ ফিট ও প্রস্ত ৫ ফিট। এখানে একজন ইমামসহ সর্বোচ্চ তিন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখন ধ্বংসাবশেষের মধ্য থেকে মুঘল আমলের প্রাথমিক যে স্থাপনাগুলোর সাথে এটার কিছুটা বাহ্যিক মিল রয়েছে। এর গম্বুজ ও নকশা দেখে অনুমান করা যায় অনেক প্রাচীন। এই অঞ্চলে ইসলাম প্রচারের প্রথম দিকে এটি নির্মিত হতে পারে বলেও ধারণা করা হয়।

কারণ মুসল্লি বেশি হলে মসজিদ বড় হয়, কিন্তু ইসলাম প্রচারের প্রথম দিকে তেমন মুসল্লি না থাকায় হয়তো মসজিদটি ছোট করা হয়েছে। তবে এই মসজিদের নির্মাণকাল নিয়ে কোনো সুস্পষ্ট দলিল নেই। বিভিন্ন গবেষণাপত্র ও স্থানীয়দের ভাষ্য মতে মসজিদটি ১৭০০ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে নির্মিত হবে। সেই হিসেবে মসজিদটির বয়স সাড়ে ৪০০ বছর হবে।

রংপুর বিভাগীয় প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক জাকির আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের প্রাচীন স্থাপত্য, নিদর্শন ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ এবং সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি। রংপুরে এমন অনেক স্থাপত্য ও প্রাচীন নিদর্শন রয়েছে, কিন্তু এসবের সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট বিভাগ উদাসীন।

এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদফতর রংপুর ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানা জানান, মসজিদটি গত বছর পরিদর্শন করা হয়। প্রাচীন ওই মসজিদ সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদফতরকে জানানো হয়েছে। তবে মসজিদের গম্বুজের ওপর দিয়ে উঠে যাওয়া বটগাছটি কেটে ফেলা সম্ভব নয়। গাছ কাটতে গেলে মসজিদের বাকি ধ্বংসাশেষটুকু থাকবে না।

এনএইচ২৪/জেএস/২০২১

সকল জেলা পরিষদ চেয়ারম্যানদেরকে মন্ত্রী তাজুল ইসলাম

0

রাজধানীর সরকারি বাসভবনে মিন্টু রোডের বাসা থেকে বৃহস্পতিবার মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।

বর্তমানে চলমান কোভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যান গণের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা করেন,

যাহার মধ্যে উপজেলার সকলস্তরের অফিসার ও স্টাফ গন স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব‍্যাবহার করতে হবে।

সেইসাথে গ্রামগঞ্জের অতি সাধারণ মানুষ গুলো কে স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করার জন্য বুঝিয়ে বলতে হবে এবং দূরত্ব বজায় চলতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে নিহত ২২

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ডা. জাকির হুসেন নামের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এএনআই এ প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার হাসপাতালে একটি অক্সিজেন ট্যাঙ্কারে গ্যাস ভরার সময় লিক হয়ে যায়। যে কারণে টানা ৩০ মিনিট হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ থাকে।

এতে করে হাসপাতালে ভর্তি থাকা ২২ করোনা রোগীর মৃত্যু হয়। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেশনে ছিলেন এবং তাদের টানা অক্সিজেন সরবরাহ জরুরি ছিল।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র সিঙ্গানে বলেছেন, ‘এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনাটি কীভাবে ঘটল আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি। ঘটনার তদন্ত হবে। যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী

0

টানা গরম ও দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল ঢাকাবাসী। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে শুরু হয় ধূলিঝড়। তারপর অল্পকিছুক্ষণ পরই শুরু হয়েছে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে গত কয়েকদিন ধরে রাজধানীরসহ দেশের বিভিন্ন স্থানে গরম বেড়েছে। তাই দেশের বেশকিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

এনএইচ২৪/জেএস/২০২১

সিরাজগঞ্জে বয়ে গেল ভয়াবহ কালবৈশাখী ঝড়

0

বেশকিছু দিনের তীব্র গরম ও দাবদাহের পর ভয়াবহ কালবৈশাখী ঝড় ও মূষলধারে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলা সিরাজগঞ্জে।

বুধবার (২১ এপ্রিল) রাত ৮টা ২০ মিনিটে কালবৈশাখী ঝড়ের সাথে প্রায় ৫০ মিনিট মূষলধারে বৃষ্টি হয়েছে।

প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সিরাজগঞ্জের তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু করে ৯ টা ১০ মিনিট পর্যন্ত মূষলধারে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আশা করছি কাল সকালের মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এনএইচ২৪/জেএস/২০২১

৭ দিনের রিমান্ডে হেফাজত নেতা কোরবান আলী কাসেমী

0

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার অন্যতম আসামি হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) ডিবি পুলিশ কোরবান আলী কাসেমীকে আদালতে হাজির করে ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন।

২০ এপ্রিল বিকেলে ডিবির গুলশান বিভাগ টিম বাসাবো এলাকায় থেকে কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে।

এনএইচ২৪/জেএস/২০২১

করোনায় অসহায়দের ১০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রীর

0

মহামারি করোনার কারণে চলমান লকডাউনে অসহায় দরিদ্র, এবং অসচ্ছল মানুষকে সহায়তা করতে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকরা লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

এনএইচ২৪/জেএস/২০২১