Thursday, April 9, 2026
Home Blog Page 120

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আরও ১০ জনের মৃত্যু

0

চলমান লকডাউনের মধ্যে সাতক্ষীরায় করোনা সংক্রমনের হার কমলেও বাড়ছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চার নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুই জন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে, জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০ জন। আর ভাইরাসটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরো অন্ততঃ ৩৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৮৫ জন। এছাড়া বর্তমানে জেলায় ৮১৬ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন।

এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন করোনা আক্রান্ত রুগী ও ২৬০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। আর বেসরকারী হাসপাতালে ১৭ জন আক্রান্ত রুগী ও ১৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৭৭৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চতুর্থদফা লকডাউনের ২৭ তম দিনেও চলছে ঢিলেঢালা লকডাউন। কাল থেকে সেনাবাহিনী মাঠে থাকবে এবং কড়াকড়ি লকডাউন হবে এমন খবরে আজ বাজার সওদা করতে বাড়ির বাইরে চলে এসছেন বহু মানুষ। তারা মাস্ক ব্যবহার ছাড়া স্বাস্থ্যবিধি তেমন মানছেন না। অধিকাংশ মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে কেনা কাটা করছেন। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সাধারন মানুষের খুবই অনীহা লক্ষ্য করা গেছে। বন্ধ রয়েছে গণপরিবহন।

অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের অধিকাংশ দোকানপাট গুলোতে চলছে চুরি করেই বেচাকেনা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না কেউই। যদিও পুলিশ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছেন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে।

তবে, লকডাউনে সবথেকে বেশী বিপাকে পড়েছেন মোটর চালিত ভ্যান, ইজিবাক ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ। পুলিশ তাদের যানবাহন গুলো আটক করে রেখে দেয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ সময় সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন

সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোর গ্রেপ্তার

0

সাতক্ষীরায় ৫ বছরের কন্যাশিশুকে ধর্ষনের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার বালিথা এল্লারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই কন্যা শিশুর বাবা বাদী অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে সকালে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত কিশোরের নাম বায়োজিদ হোসেন (১৬)। সে বালিথা এল্লারচর গ্রামের মান্নান গাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী কিশোর বায়োজিদ প্রায়ই ওই কন্যা শিশুর বাড়িতে যাতায়াত করতো এবং তার সাথে খেলাধুলা করতো। কন্যা শিশুটির বাবা রাজমিস্ত্রীর কাজ করায় তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান।

মঙ্গলবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে শিশশুটির মা সংসারের কাজে ব্যস্ত থাকার সুবাদে কিশোর বায়োজিদ শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে টাকা ও খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বালিথা এল্লারচর কবরস্থানের বাগানের মধ্যে নিয়ে তার মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষন করে।

এ সময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে ধর্ষক কিশোর বায়োজিদ পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে সকালে মামলা দায়েরের পর পুলিশ দুপুরে তাকে গ্রেপ্তার করে। এদিকে, নির্যাতিতা ওই কন্যা শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়া হুসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শিশুকে সাতক্ষীরা শিশু আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) যশোরে আটক রাখার আদেশ দেন। সে মোতাবেক তাকে শিশু উন্নয়ন কেন্দ্র যশোরে পাঠানো হয়েছে

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল-২০২১ পাসের মধ্য দিয়ে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়েছে। যা মোট জিডিপির ১৭.৫ শতাংশ। আগামীকাল ১ জুলাই নতুন অর্থবছর শুরু হবে।

বুধবার (৩০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এ বিল পাস হয়।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহম্মদ কাদের উপস্থিত ছিলেন।

এর মাঝে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

বুধবার (৩০ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২১) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।

বাগেরহাটের ফকিরহাটে শনাক্তের হার ৫০ শতাংশের উপরে

0

বাগেরহাটের ফকিরহাটে আশঙ্কাজনকভাবে বাড়েই চলছে করোনা সংক্রমণ। বুধবার (৩০ জুন) শনাক্তের হার ৫০.৮৭ শতাংশ। প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও প্রচারণা করে হলেও সাধারণ মানুষ মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক বা সামাজিক দূরত্ব নিতে কোন আগ্রহ নেই ক্রেতা বিক্রেতাদের। ফলে প্রতিদিনই করোনা রোগী বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ফকিরহাটের পত্রিকা বিক্রেতা গোপাল মিত্র (৬৫) সকাল ১০টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি প্রায় ৫০ বছর ধরে ফকিরহাটে পত্রিকা বিক্রির কাজ করতেন। এছাড়াও ফকিরহাটে গত দুই সপ্তাহে অন্তত ৭জন মানুষ করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছে।

সড়েজমিনে ফকিরহাট বাজারে গিয়ে দেখা যায়, লকডাউন থাকলেও কেউ মানছে না সামাজিক দুরত্ব বিষয়ে স্বাস্থ্যবিধি। জটলা করে ক্রেতা বিক্রেতা কেনা বেচা করছে। কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়াও কসমেটিক্স, কাপড়, জুতার দোকানসহ প্রায় সব দোকান খোলা আছে। ভ্রাম্যমাণ আদালত দেখলে দ্রুত দোকান বন্ধ করেন তারা। প্রশাসনের লোকজন চলে গেলে আবার দোকান খুলে বসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, অবস্থাদৃষ্টে মনে হয় ফকিরহাটে কোভিড-১৯ স্যোস্যাল ট্রান্সমিশন হয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৭ জনের নমুনায় ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীাক্ষা বাড়লে শনাক্তের হার আরও বাড়বে। অনেক ছর্দি-কাশির-জ¦রে আক্রান্ত হলেও পরীক্ষা করাতে আগ্রহী নয়। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানলে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, ফকিরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দুটোই অব্যাহত আছে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে করোনা আক্রান্তদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে।

লকডাউনে ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা-দুপুর ১:৩০ পর্যন্ত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এ সময় ব্যাংকিং কার্যক্রম ও লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে লেনদেন হবে সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত।

বুধবার (৩০ জুন) বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

আবারও শুরু প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শুরু ১ জুলাই

0

সারাদেশে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আবারও প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

এ ক্ষেত্রে সিনোফার্মের টিকা দেশের মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ টিকা কেন্দ্রগুলোতে দেওয়া হবে। আর ফাইজারের টিকা কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। আপাতত অগ্রাধিকারের ভিত্তিতেই সারাদেশে টিকা দেওয়া হবে।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

টিকা কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, ‘অগ্রাধিকারের ভিত্তিতে যারা পাওয়ার যোগ্য তাদের জন্য আজ থেকে নিবন্ধন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। নিবন্ধনের পর কেন্দ্র থেকে যখন এসএমএস আসবে, তখন সে অনুযায়ী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই টিকা কার্ড ও এনআইডি সঙ্গে নিয়ে যেতে হবে।

যে ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন করা যাবে তা হলো- https://surokkha.gov.bd/

খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৭

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে প্রাণ হারিয়েছে আরও ২৭ জন। নতুন করে ১ হাজার ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ২০০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৯.৯১ শতাংশ।

বুধবার (৩০ জুন) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

ব্যাংক হলি ডের কারণে বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। লেনদেন বন্ধ থাকলেও আভ্যন্তরীণ কার্যক্রম চলবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র বুধবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

আর্থিক হিসাবের সুবিধার্থে ব্যাংকগুলো জুন শেষে অর্ধবার্ষিক প্রতিবেদন তৈরী করে। ফলে ব্যাংকগুলোতে জুনের শেষ দিন লেনদেন পরিচালনা হয় না। এ দিন গ্রাহকদের সঙ্গে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখা হয়।

অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরীর পরে ব্যাংকগুলো নিয়ন্ত্রক সংস্থার কাছে তা পেশ করে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বিনিয়োগকারীদের জন্য প্রতিবেদন প্রকাশ করে।

হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ

0

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

অভিনেতার সহকারীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

গত দুদিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তার ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার সকালে সে তথ্য প্রকাশ্যে আসে।

নওগাঁয় লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে ভার্চুয়ালি আলোচনা সভা

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) হতে ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁয় ভার্চুয়ালি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে জেলার ১১টি উপজেলা নিয়ে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে সংযুক্ত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।

আলোচনা সভায় সংযুক্ত থেকে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান, এবং নওগাঁর বিভিন্ন সংসদীয় আসনের সাংসদবৃন্দ।