Thursday, April 9, 2026
Home Blog Page 52

মানিকগঞ্জ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা গেছেন।

শুক্রবার (৩০ জুলাই) দুপরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী একেএম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫৩টি নমুনা পরীক্ষায় ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৩.২৬ শতাংশ। নতুন আক্রান্ত ২০৩ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬০ জন, সিংগাইরে ৫৪ জন, হরিরামপুরে ২০ জন, ঘিওরে ১৮ জন, দৌলতপুরে ১৮ জন, শিবালয়ে ১৬ জন এবং সাটুরিয়া উপজেলায় রয়েছেন ১০ জন।

নওগাঁর নিয়ামতপুরে অস্ত্র-গুলিসহ আটক ১

0

নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড় থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে অস্ত্র ও গুলিসহ ডালিম হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৩০ জুলাই) সকালে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রাত ৮টার দিকে মহাকাল মাঠের তিন রাস্তা মোড়ে চেকপোস্টে বসায়। এসময় ডালিম হোসেন কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে তল্লাশির পর ১ টি বিদেশি পিস্তল, ১ টি ওয়ান শুটারগান, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা হয়েছে।

সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে লকডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু ঠেকাতে সরকারের দেয়া ১৪ দিনের কঠোর লকডাউনের বিধি নিষেধ বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম শুক্রবার (৩০ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা আরও আগেই এই চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ সরকারের কাছে করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি সরকার।’

তিনি আরও বলেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেব? হাসপাতালে বেড ফাঁকা নেই। রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি কঠিন হবে। অবস্থা খুবই খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনায় আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

এবার করোনায় আক্রান্ত শাওন

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। শুক্রবার (৩০ জুলাই) সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ‌্যকাউন্টে এক স্ট‌্যাটাসে লিখেন, ‘পজিটিভ।’

এ বিষয়ে শাওন বলেন—‘হ‌্যাঁ, আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।’ উপসর্গ বলতে কিছুটা কাশি ও ঠান্ডা রয়েছে। এখন বাসায় রয়েছেন তিনি।’

শুক্রবার (৩০ জুলাই) সকালে শাওনের দেয়া স্ট‌্যাটাসের পর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব‌্য করে দ্রুত সুস্থ হয়ে উঠার জন‌্য প্রার্থনা করছেন।

টাঙ্গাইলে জুলাই মাসে মোট মৃত্যু ১০২

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে নতুন করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জন। জুলাই মাসে শনাক্ত হয়েছে মোট আক্রান্তের ৪৩.৪১ শতাংশ।

এ ছাড়াও ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন একজন। এ নিয়ে জুলাই মাসের ৩০ দিনে মারা গেছেন ১০২ জন। অর্থাৎ জেলার মোট মৃত্যুর ৪৮.৫৭ শতাংশর মৃত্যুই এই মাসে।

শুক্রবার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় গত বছর ৮ এপ্রিল। এর পর গত ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো সাত হাজার ৭০৭ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনেই আক্রান্ত ৫ হাজার ৯১৪ জন।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ৭৯৩ জন।

শুক্রবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ( রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার।

এনিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৯ জন। আর এখন র্পযন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৩৬১জন।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন এবং উপসর্গে মারা গেছেন ৮ জন। একই সময় সুস্থ হয়েছেন ২২৯জন।

শুক্রবার (৩০ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. নির্ঝর জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে নতুন করে আরও ১৩৯ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭.৯৬ শতাংশ। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৪৭৮ জন। মারা গেছেন ৫৬৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৭১৫জন।

৩১ আগস্ট পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার পরিস্থিতি অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ শে আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিপুল অবৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ যুবক গ্রেপ্তার

0

৫৬টি অবৈধ পাসপোর্ট ও ৩টি জাতীয় পরিচয়পত্রসহ কক্সবাজারের ঈদগাঁও থেকে একজনকে গ্রেপ্তার করেছে ১৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) সদস্যরা।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঈদগাঁও জাগির পাড়ার মো. ইদ্রিসের ছেলে আবদুর রহমান (৩৫)।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও জাগিরপাড়ার ১ নম্বর ওয়ার্ডের তৈয়ব তাহের নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (অবৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ বিভিন্ন কাজ) করে আসছেন।

র‍্যাব-১৫ এর একটি চৌকষ দল বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগিতায় তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছেন।

এএসপি আরও জানান, গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় পাঠানো হয়েছে।

বিকেলে টোকিওর পুলে নামছেন বাংলাদেশের দুই সাঁতারু

0

বিশ্বের অন্যতম জনবহুল দেশ হয়েও বাংলাদেশের কখনো অলিম্পিক গেমসে পদক জিততে পারেনি। এবার আর্চারে রোমান সানার হাত ধরে ভালো কিছুর স্বপ্ন দেখেছিলো বাংলাদেশ কিন্তু আবারো আগের হিস্ট্রি রিপিট। রোমান সানাসহ টোকিও অলিম্পিকে অংশ নেওয়া ছয় বাংলাদেশির মধ্যে ইতিমধ্যে তিন জন বিদায় নিয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

আজ বিকালে বাংলাদেশ সময় ৪টা ৮ মিনিটে ৪০ মিটার ফ্রি স্টাইলের হিটে নামবেন আরিফুল। টোকিওর অ্যাকুয়েস্টিক সেন্টার পুলের চার নম্বর হিটে এক নম্বর লেনে সাঁতার কাটবেন তিনি। তার ২০ মিনিট পর জুনাইনা তিন নম্বর হিটে সাঁতারে অংশ নেবেন ১ নম্বর লেন থেকে।

এই ইভেন্টে ছেলেদের হিট থাকে ১০টি আর মেয়েদের ১১ টি। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ১৬ টাইমিং করা সাঁতারু খেলবেন পরের রাউন্ডে। সেই রাউন্ডে জুনাইনা ও আরিফুলের জায়গা পাওয়া হবে কল্পনাতীত ব্যাপার।

ষষ্ঠ অ্যাথলেট জহির রায়হান আগামী ১ আগস্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অংশ নিলে বাংলাদেশের অলিম্পিক অধ্যায় শেষ হবে।

এর আগে রিকার্ভ একক ইভেন্টে শেষ ষোলো থেকে বিদায় নেন রোমান। তার সঙ্গে আর্চারি বিশ্বকাপে ইতিহাস গড়া আরেক আর্চার দিয়া সিদ্দিকী বিদায় নেন এলিমিনেশন রাউন্ড থেকে। শুটিংয়ের বাছাইয়ে বাদ পড়েন আরেক বাংলাদেশি অ্যাথলেট আব্দুল্লাহ হেল বাকী।