Tuesday, March 31, 2026
Home Blog Page 34

বেনাপোলে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ

এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই বাংলাদেশের বেনাপোল বন্দরে চারদিনের জন্য বন্ধ থাকছে আমদানি-রপ্তানি।

মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন বৃহস্পতিবার। এদিন একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার থেকে আমদানি রপ্তানি বন্ধ রাখা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। ২৫ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।

লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ বাংলাদেশি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসছেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। বৈরুতের রফিকি হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে তারা রওনা হয়ে সোমবার সন্ধ্যা ৬টায় দেশে পৌঁছাবেন তারা।

প্রবাসী বাংলাদেশিদের ঢাকায় পৌঁছানোর তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন: সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন: অ্যাটর্নি জেনারেল

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে এক লাখ। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি এক হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড।

আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন। ২২ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৮ জন ঢাকায় আসবেন বলে আশা করা যাচ্ছে।

সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন: অ্যাটর্নি জেনারেল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে প্রায় বলতেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে। জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে এখন তার নামে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন।

এক্সট্রাডিশন চুক্তির আওয়াতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শেখ হাসিনাকে আনা যেতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: রিমান্ড শেষে আদালতে আনিসুল হক

জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে শেখ হাসিনাকে দেশে আনা হবে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানা তামিল করতে যদি শেখ হাসিনা কোথায় আছেন প্রসিকিউশন টিম জানতে পারে, তাহলে এক্সট্রাডিশন চুক্তির আওয়াতায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে আনা যেতে পারে। এছাড়া ইন্টারপোলের সহায়তা নেয়া যেতে পারে। অপরাধী যেই দেশে রয়েছেন সেই দেশের আইনে ইন্টারপোল কাভার করতে পারলে বিচার-বিশ্লেষণ করে তাকে আনা হতে পারে।’

শেখ হাসিনা নিজে ট্রাইব্যুনালে হাজির হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘শেখ হাসিনা তার বক্তব্যে প্রায়ই বলতেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতে। আশা করি এটা উনি বিশ্বাস করেন এবং এটিই উনার জন্য ভালো। প্রত্যেকটা আসামির উচিত আদালতে এসে বিচারের মুখোমুখি হওয়া। উনি হয়তো সেটাই করবেন।’

রিমান্ড শেষে আদালতে আনিসুল হক

হত্যা মামলায় রিমান্ড শেষে আজ আদালত আনা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।

শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে আদালতে আনা হয়। এর আগে, ১৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতকে পুলিশ জানায়, ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির রিমান্ড প্রয়োজন।

৩ দিনের রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার

ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইকরামুল হক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাফরুল থানার আরেকটি হত্যাচেষ্টা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন করলে তাও মঞ্জুর করেন আদালত।

এর আগে, শুক্রবার দিনগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে আটক করা হয়।

না পালিয়ে শিল্পীদের জেলে যাওয়ার পরামর্শ দিলেন ওমর সানি

0

৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে প্রধামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি আত্মগোপনে রয়েছেন অনেক শিল্পী কলাকুশলীরাও। আওয়ামী লীগ পতনের দুই মাস পেরিয়ে গেলেও তাদের দেখা মিলছে না কোথাও। আটকে আছে অনেকের কাজও।

এমন অবস্থায় পালিয়ে থাকা শিল্পীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় কিছু পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। ১৫ অক্টোবর প্রকাশ হওয়া সেই ভিডিওতে তিনি বলেন, ‘যারা ফিল্ম এবং সংগীতের আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলব এবং যারা। সরকার পতনের পর যারা পালিয়ে আছো, লুকিয়ে আছো- তাদের উদ্দেশে।

আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগ মাতাবেন সাকিব

তোমাদের পালিয়ে থাকার তো দরকার নেই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছো, এই যা। মার্ডার তো করো নাই, মার্ডার করছো? হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছো? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসে তোমরা বলো যে, আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবে!’

আরও পড়ুন: নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত প্রায় ১০০

অভিনেতা বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস, তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে এসে দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ, অনেকেই যায়।

পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। আমার দৃষ্টিতে এটাই বলে, কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত, আমি বললাম। এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন- আমি জানি না।’

‘একটা জিনিসতো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফটকর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলি, লুকিয়ে থেকে লাভ নেই। তোমরা ফিরে আসো। সব ফেস করে আবার কাজে মন দাও’- সবশেষে যোগ করেন ওমর সানি।

লঙ্কা প্রিমিয়ার লিগ মাতাবেন সাকিব

0

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার নতুন মিশন শ্রীলঙ্কায়। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি দল পেয়েছেন সাকিব। ড্রার্ফটসের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন গল মার্ভেলস।

বুধবার (১৬ অক্টোবর) টি-টেন টুর্নামেন্টটিতে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। গত বছরও শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে গলের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব। তবে, সেবার ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল গল গ্ল্যাডিয়েটর্স।

আরও পড়ুন: নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত প্রায় ১০০

নিজেদের ফেসবুক পেইজে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘লঙ্কা টি-টেন এর জন্য আমাদের প্লাটিনাম প্লেয়ার প্রি-ড্রাফট পিক ব্যতিক্রমী অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছি। তার অভিজ্ঞতা এবং মাঠের শক্তি প্রদর্শন করাতে আমরা প্রস্তুত।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন টি-টেন সুপার লিগ। চলতি বছর ১২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত দলগুলো খেলোয়াড় নিতে পারবে।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত প্রায় ১০০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের তথ্যমতে, দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস

পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার (১৬ অক্টোবর) জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

পুলিশের মুখপাত্র আরও জানিয়েছেন, উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন স্থানীয় লোকজন। পরে এতে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৯৪ জনের মৃত্যু হয়।

বাতিল হচ্ছে ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস

0

জাতীয় শোক, শিশু ও ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি দিবস রাষ্ট্রীয়ভাবে বাতিল করছে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সেপ্টেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেনের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরী আর নেই

মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ৮টি জাতীয় দিবস বাতিল করা সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে। দ্রুতই এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, বাতিল হওয়া আট দিবসের মধ্যে পাঁচটিই শেখ হাসিনার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সংক্রান্ত। এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস।

এ ছাড়া বাতিলের তালিকায় রয়েছে ঐতিহাসিক ৭ মার্চ, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।

বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরী আর নেই

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অগ্নিকন্যাখ্যাত মতিয়া চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টা ৫৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার: নাহিদ

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরিফ মাহমুদ বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে সকালে মতিয়া চৌধুরীকে হাসপাতালে আনা হয়। এরপরই আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত আমরা সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সফল হতে পারিনি। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি মারা যান।

শেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। পিতা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থি রাজনীতি দিয়ে। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সদস্য ছিলেন। পরে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে জাতীয় সংসদ বিলুপ্তির মাধ্যমে সংসদ সদস্য পদ হারান।