Tuesday, March 31, 2026
Home Blog Page 32

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মামুনুল হকের উপস্থিতেই নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এই রায় ঘোষণা করেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রোমেল মোল্লা বলেন, মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। তাই আদালত মামুনুল হককে নির্দোষ ঘোষণা করে বেখসুর খালাস প্রদান করেছেন।

আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম মামলার রায়ের দিন ধার্য করেছিলেন আজ। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মামলার ধার্য তারিখ অনুযায়ী মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার রায় ঘোষণা হয়েছে। আদালত মামুনুল হককে বেখসুর খালাস প্রদান করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে।

এরপর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুলকে। পরে এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাউদ্দিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: কক্সবাজারে আদালত ভবন ঘেরাও করে ছাত্র-জনতার বিক্ষোভ

দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিল করতে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে এরই মধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

জানা গেছে, নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

কক্সবাজারে আদালত ভবন ঘেরাও করে ছাত্র-জনতার বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিপ্লবে গণহত্যার বিচার, ছাত্র-জনতার ৫ দফা দাবি বাস্তবায়ন, ছাত্র হত্যাকারীদের জামিন প্রদানের প্রতিবাদে এবং অভিযুক্ত বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে আদালত ঘেরাও এবং ছাত্র-জনতার গণজমায়েত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার ব্যানারে বুধবার (২৩ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আরও পড়ুন: ‘রাষ্ট্রপতিকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার নেতারা অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় সমন্বয়করা বক্তব্য রাখেন। একই এসব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আইনজীবীরাও।

তারা বলেন, এখনো শহীদ ছাত্র-জনতার রক্তের দাগ শুকায়নি। কিন্তু আপনারা বিএনপি-জামায়াতের আইনজীবীরা স্বৈরাচারের দোসর খুনি-হামলাকারীদের জামিন করাচ্ছেন। এই বেঈমানী ছাত্ররা মেনে নেবে না। একইসঙ্গে খুনি ও দোসরদের জামিন মঞ্জুরকারী বিচারকদের ক্ষমা করা হবে না। তাদেরকে অতিশিগগিরই অপসারণ করতে হবে।

‘রাষ্ট্রপতিকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি’

‘রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানতে পারবেন। কোনো কাউন্সিলর অব অ্যাডভাইজার যদি মিটিং করেন তাহলে আপনারা জানবেন। আগামীকাল সাপ্তাহিক মিটিং রয়েছে।’

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের যে বৈঠক সেটি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন। তাদের সঙ্গে আমাদের সংলাপ চলছে। সামনে আরও দফায় দফায় মিটিং হবে। বিএনপির সঙ্গে আজকে যে মিটিং হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের একটা অংশ।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ ও আল্টিমেটামের ব্যাপারে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমাদের অবস্থান তো আপনারা দেখছেন। যারা বিক্ষোভ করেছেন তাদের বঙ্গভবনের সামনে থেকে সরে যেতে বলা হয়েছে। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ।

এ বিষয়ে বুধবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

কোন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যমুনায় এসেছেন? এ বিষয়ে প্রেস সচিব বলেন, এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়। গত তিন মাসে কমপক্ষে ৪০টা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। ওনারা এখানে এসেছেন। প্রতিটা মিটিং যখনই হয় আমরা আপনাদের জানিয়েছি।

তিনি আরও জানায়, হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তিনি সফরসংক্রান্ত বিষয়েও আলোচনা করেছেন।

কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা রাজধানী বিভিন্নস্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৩ অক্টোবর) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ‘দানা’র প্রভাবে বৃষ্টি শুরু

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকার ফার্মগেট, নাখালপাড়া, শাহীনবাগ, ভওয়ালবাগ, তেজতুরী বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাতক্ষীরায় ‘দানা’র প্রভাবে বৃষ্টি শুরু

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাতক্ষীরা উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া বৃষ্টিপাত চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার মানুষরা।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন গণমাধ্যমকে জানান, বুধবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এর নাম দেওয়া হয়েছে ‘দানা’। উপকূলীয় অঞ্চলে ২ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আর এর প্রভাবে সাতক্ষীরা উপকূলের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা ও বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার পর থেকে। বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, পাউবো-১ এর আওতায় ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩ কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে, বড় ধরনের দুর্যোগ না এলে বাঁধ ভাঙার সম্ভাবনা নেই।

সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে যাওয়া এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। তবে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় তারা সচিবালয়ের বাইরে যেতে পারেননি।

এরপর সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের মধ্যে দুটি প্রিজন ভ্যান প্রবেশ করে সেখানে আটক শিক্ষার্থীদের তোলা হয়।

আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে এইচএসসির ফল বাতিলের দাবিতে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। তারা এদিক-সেদিক ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে অনেককে আটক করে ফেলে।

৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গুলিতে এক হোটেল কর্মচারী আহতের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হন বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হদয়। সেই ঘটনার আগে শিক্ষার্থীদের দেশের শত্রু বলে আখ্যায়িত করে সুমন। ছাত্র জনতার আন্দোলনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গুলি চালানো হয়।

আরও পড়ুন: ২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, চতুরতা ও প্রতারণার মাধ্যমে তার (সুমনের) উত্থান। কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। স্বতন্ত্র দাবি করে আওয়ামী লীগের অন্যতম সুবিধাভোগী তিনি। সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দিয়ে এবং হত্যায় অংশ নিয়ে হাসিনার আস্থাভাজন হওয়ার চেষ্টা করেছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার রাতে গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের কিছুক্ষণ আগে সোমবার দিনগত রাত ১টা ১৮ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন লিখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’।

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, আটকে পড়েছে যানবাহন

বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। অবরোধের কারণে আটকে আছে যান চলাচল। এতে ভোগান্তি পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জেনারেশন নেক্সট নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

এর আগে সোমবার সকাল ১০টা থেকে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যা দিনভর চলে। শ্রমিকদের অবরোধের মুখে কার্যত অচল হয়ে পড়েছে সড়কটি।

আরও পড়ুন: ২৫২ এসআইকে অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত তিনমাস ধরে শ্রমিকদের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। বেতন না দিয়েই কিছুদিন আগে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মালিকপক্ষ কয়েক দফায় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও ৩ মাসে কোনো বেতন ভাতা দেয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকাল থেকে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকের বিষয়ে আলোচনা চলছে।