Sunday, May 17, 2026
Home Blog Page 188

রংপুরে করোনার নমুনা ও ফল নিয়ে ভোগান্তি

রংপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনাভাইরাস শনাক্তে পিসিআর ল্যাবে নমুনা ও ফল পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে করোনা পরীক্ষাকারীদের।

একটিমাত্র ল্যাবে প্রতিদিন দুই শিফটে ১৮৮টির বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ায়, প্রতিদিন বাড়ছে নমুনার প্রদানকারীদের নমুনার জট। এ পরিস্থিতির মধ্যে সংগৃহীত সাড়ে ৯ হাজার জনের নমুনা ফলাফল আটকে রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, করোনা পরীক্ষার নমুনা দেয়া ও ফল প্রাপ্তি নিয়ে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ভোগান্তির পর নমুনা দিতে পারলেও ফল পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকার কারণে মারাত্মক বিড়ম্বনায় পড়েছে নমুনা প্রদানকারীরা। নমুনা দেয়ার পর ন্যূনতম ৭ দিন থেকে ১৫ দিনও অপেক্ষা করতে হচ্ছে।

আবার নমুনা দেয়ার পর সন্দেহভাজনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক হলেও তা নিশ্চিত করার কোনো প্রচেষ্টা নেই। ফলে নমুনা জমা দেয়া ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপন করায় এবং তাদের গতিবিধি সীমিত না করার কারণে সংক্রমণের ঝুঁকি আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে।

ভুক্তভোগী কয়েকজন বলেন, টেস্ট করতে সময় লাগছে। এরপর করোনা পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতেও সময় লাগছে। এতে করে বাড়ছে সংক্রমণের ঝুঁকি।

নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর শালবন মহল্লার এক বাসিন্দা তিনি নমুনা প্রদানের ৯ দিন পর জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এ সময়কালে তাকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে কোনো পরামর্শ না দেয়ায় তিনি ৯ দিন ধরেই স্বাভাবিক জীবনযাপন করেছেন। বাজার-হাটসহ সব কাজের জন্য তিনি বিভিন্ন স্থানে ঘুরেছেন।

তিনি নিজেই এখন শঙ্কা প্রকাশ করেছেন তার মাধ্যমে এ সময়কালে অনেকেই সংক্রমিত হয়েছেন। এ অবস্থার কারণে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ছে বলে অনেকেই মনে করেন।

রমেক সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট সাড়ে ১২ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সাড়ে ৯ হাজার নমুনা এখনও জমা পড়ে আছে ল্যাবরেটরিতে। এ সব নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার আবেদন করার এখনও সুরাহা হয়নি।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নূরন্নবী লাইজু বলেন, ১ কোটি মানুষের মাঝে শুধু ১৮৮টি পরীক্ষা খুবই অপ্রতুল। প্রতিদিন কমপক্ষে ৩০০ জন করে আসে, অতিরিক্ত সংগৃহীত নমুনা ল্যাবে জমা আছে। জমাপড়া নমুনা ঢাকায় নিয়ে পরীক্ষার অনুরোধ জানিয়ে আইইডিসিআরকে চিঠি দেয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, জেলায় করোনাভাইরাসে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ৯ জনের করোনা নিশ্চিত হয়েছেন মৃত্যুর পর সংগৃহীত নমুনা থেকে। রংপুরে আরও একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।

ভুয়া পদে স্ত্রীকে চাকরি, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

ভুয়া পদ সৃষ্টি করে স্ত্রীকে চাকরি দেওয়ার ঘটনায় ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলনকে তিন বছরের স্থগিত কারাদণ্ডসহ মোট পাঁচ বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। অর্থ আত্মসাৎ এবং তথ্য গোপন করার অপরাধে তার স্ত্রী পেনেলোপকে দেওয়া হয়েছে তিন বছরের স্থগিত কারাদণ্ড।

এই কেলেঙ্কারির জন্য ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান ফিলন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৩ লাখ ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সরকারি অফিস থেকে ১০ বছরের জন্য দূরে থাকতে বলা হয়েছে।

বিচারক রায় ঘোষণার সময় জানান, অল্প কাজের বিনিময়ে ফিলন তার স্ত্রীকে হাজার-হাজার ইউরো বেতন দিয়েছেন। ‘যে কাজ করা হয়েছে তার সঙ্গে এই পারিশ্রমিক বেমানান, ’মন্তব্য করে প্রধান বিচারক বলেন, ‘মিসেস ফিলনকে যে পদে নিয়োগ দেওয়া হয় তার কোনো ব্যবহারই হয়নি।’

সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির অধীনে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন ফিলন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। ওই দল থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হলেও তিনি তা করতে অস্বীকৃতি জানান। তবে প্রথম দফার ভোটেই তিনি বাদ পড়েন।

করোনা পজিটিভ চেয়ারম্যানের সঙ্গে মিটিং করলেন ১২ চেয়ারম্যান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনসহ ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যানকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আগামী সাতদিন তারা স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা বলেন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলীর করোনাভাইরাস শনাক্ত হয়। তার সঙ্গে মিটিং করেছেন ১২ চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই। এজন্য সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) থেকে আগামী সাতদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ইউপি চেয়ারম্যানের সঙ্গে সভায় উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সতর্কতার সঙ্গে অতিপ্রয়োজনীয় কাজ করবেন তারা। আগামী সাতদিন পর্যবেক্ষণে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২১ দিনের লকডাউন ঘোষণা রাজধানীর ওয়ারীতে

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ওপর ভিত্তি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারী এলাকার কিছু সড়ক আগামী ৪ জুলাই থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) ডিএসসিসির নগরভবনে লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে এ তথ্য জানান করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আগামী ৪ জুলাই থেকে ২১ দিনের জন্য ওয়ারীর কিছু সড়ক লকডাউন করা হবে। আমরা এই বিষয়ক চিঠি পেয়েছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।’

তিনি আরো বলেন, ‘জনগণ যেন আতঙ্কিত না হন, বিভ্রান্তিতে না পড়েন এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো যেন প্রয়োজনীয় পণ্য ওই এলাকার বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারে সেই কারণে কিছুটা সময় দেয়া হয়েছে। সবাই যেন প্রস্তুতি নিতে পারেন।’

অফিস-গণপরিবহন চলবে ৩ আগস্ট পর্যন্ত

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বর্তমান সময়ের মতো আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন)।

মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ সময়ে দোকান ও শপিং মল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।’

তিনি আরো বলেন, ‘যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ অগাস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।’

গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন। এরপর তা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে তা ফের বাড়ানো হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জেনারেল কাশেম সোলাইমানিকে হ’ত্যার অভিযোগে এই পরোয়ানা জারি করেছে ইরান। সোমবার (২৯ জুন) তেহরানের প্রসিকিউটর আলী আল কাসিমিহর বলেছিলেন, ট্রাম্প এবং আরও ৩০ জনরও বেশি ইরানের বিরুদ্ধে ৩ জানুয়ারির হামলায় জেনারেল কাসেম সোলাইমানির হ’ত্যার সাথে জড়িত। পরোয়ানা কার্যকর করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ইরান।

আল কাসিমহর ট্রাম্প ব্যতীত অন্য কাউকে চাওয়া শনাক্ত করতে পারেন নি, তবে জোর দিয়েছিলেন যে ইরান মামলা চালিয়ে যাবে। ফ্রান্সের লিয়নে অবস্থিত ইন্টারপোল মন্তব্য করার অনুরোধের সাথে সাথে সাড়া দেয়নি। মার্কিন ইরানের রাষ্ট্রদূত ব্রায়ান হুক এই পদক্ষেপকে একটি “প্রচারের স্টান্ট” হিসাবে বর্ণনা করেছেন।

বুড়িগঙ্গার লঞ্চ দুর্ঘটনায় মিনিটে মিনিটে তোলা হচ্ছে লাশ

0

কিছুক্ষণ আগে লাশের সংখ্যা ছিল ১৫। এর পর আরো একজনের লাশ উদ্ধার করা হয়। কয়েক মিনিটের মধ্যেই বেড়ে হলো ২৫। তোলা হলো আরও ৯টি লাশ। এর কিছুক্ষণ পর জানা গেলো মোট ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চের ধাক্কায় আরেকটি ছোট লঞ্চ ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দিক কালের কণ্ঠকে জানান, যে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, মধ্যে ২ জন শিশু, ৫ জন মহিলা ও ২৩ জন পুরুষ।

ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বিআইডাব্লিউটিএর সঙ্গে কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার পর তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

‘সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে নিয়ে প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন’

0

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী এবং সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতকে নিয়ে কিছু মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ে। প্রচার করা হয় তিনি এমনকি নিজ সন্তানের বাড়িতেও জায়গা পাননি। এমন ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তার সন্তান সাহেদ মুহিত।

আজ বৃহস্পতিবার রাতে সাহেদ মুহিত গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।

মুহিত বিবৃতিতে বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী ও সিলেট ১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারকে নিয়ে একটি তথাকথিত সংবাদ প্রচার করা হয়েছে, যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। জাতীয় দুর্যোগের এই কঠিন সময়ে অসাধু উদ্দেশ্যে এক বা একাধিক স্বার্থান্বেষী ও কুরুচিপূর্ণ মহল আবদুল মুহিতের মতো একজন সম্মানিত ব্যক্তি ও তার পরিবারের সুনাম নষ্ট করার অপচেষ্টায় কেন লিপ্ত হয়েছে, এটি আমাদের বোধগম্য নয়।

বিবৃতিতে আরো বলা হয়, আবদুল মুহিত একাধারে একজন মুক্তিযোদ্ধা, একজন রাজনীতিবিদ এবং একজন স্বনামধন্য বুদ্ধিজীবী। তিনি তার সারাটা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। তার ছেলে সাহেদ মুহিত ও তার পরিবারও দেশের প্রতি আত্মনিবেদনের একই শিক্ষায় উদ্বুদ্ধ এবং সিলেট ও গোটা বাংলাদেশে তাদের যথেষ্ট সুনাম রয়েছে। গত দুই দশক ধরে আবদুল মুহিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের এবং সিলেটের অতি বিশিষ্ট ও বিদগ্ধ নেতা হিসেবে সর্বজনপরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম সফল দীর্ঘকালীন অর্থমন্ত্রী, বাংলাদেশের ঈর্ষণীয় ও দেশ-বিদেশে প্রশংসিত অর্থনৈতিক উন্নয়নে যার উল্লেখযোগ্য অবদান রয়েছে। অন্যদিকে ২০০১ সাল থেকে সাহেদ মুহিত সর্বোতভাবে তার বাবা আবদুল মুহিতের পাশেই রয়েছেন এবং তাকে পারিবারিক, রাজনৈতিক ও অন্য সব বিষয়ে সহায়তা করেছেন। এছাড়া বাবার নির্বাচনি এলাকা সিলেট ১-এর এলাকাবাসীদের পাশে সাহেদ মুহিত সবসময় ছিলেন, আছেন ও থাকবেন।

এ পরিস্থিতিতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারকে নিয়ে প্রকাশিত নির্লজ্জ মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে তার পরিবার।

লকডাউন ভেঙে মেসির জন্মদিন পালন করায় জরিমানার কবলে বাংলাদেশী ভক্ত

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি নাম উচ্চারণ করলে শুরুতেই মেসি-রোনালদোর নাম চলে আসবে। আর সেই লিওনেল মেসির জন্মদিন হলে ভক্তরা তা পালন করার চেষ্টা করবে তা স্বাভাবিক। কিন্তু সময়টা যখন করোনাকাল তখন অবশ্যই তা স্বাভাবিক নয়। ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিনে তার কিছু পাগলা ভক্তের পাগলামির মাত্রা অতিক্রম করায় ১৫ জনকে গুনতে হলো জরিমানা।

গতকাল ২৪ জুন ছিল ফুটবল বিশ্বের অন্যতম সেরা জাদুকর লিওনেল মেসির জন্মদিন। সারা বিশ্বে অগনিত ভক্ত তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং জন্মদিন পালন করেছে।

তবে, সেই জন্মদিন পালন করতে গিয়েই এবার জরিমানার কবলে পড়তে হলো মেসির কজন বাংলাদেশি ভক্তকে। চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার একটি কফি হাউজে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই কফি হাউজে ১৫-১৬ জনের একদল যুবক মেসির জন্মদিন পালন করেছে।

করোনার মধ্যে সামাজিক দুরত্ব না মেনে জন্মদিন পালন করায় ওই ১৫ যুবকের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আর ওই কফি হাউজের মালিকের কাছে থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করোনাভাইরাসের মধ্যেই তানজিন তিশার নতুন প্রজেক্ট

করোনাভাইরাসের কারণে শুটিংয়ে ফিরতে চাচ্ছেন না অনেক তারকা। অল্প কিছু শিল্পী শুটিংয়ে ফিরলেও এখনো ফেরেনি বেশিরভাগ অভিনয় শিল্পীই। এরমধ্যে আছেন সময়ের ব্যস্ত তারকা তানজিন তিশা। গত ১৮ মার্চ থেকে ঘরেই সময় কাটাচ্ছেন তিনি।

তবে এই করোনাকালে অলস সময় কাটাচ্ছেন না তানজিন তিশা। নিজের বিশেষ একটি ইচ্ছে পূরণ করতে সময়টাকে ভালো ভাবেই কাজে লাগাচ্ছেন তিনি। করনার মধ্যে গত এপ্রিল মাসে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। এখন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে ঘরে বসেই নিয়মিত নতুন নতুন ভিডিও বানাচ্ছেন।

তানজিন তিশা বলেন, ‘এখন ছোট ছোট ভিডিও বানিয়ে চ্যানেলে প্রকাশ করছি। নতুন চ্যানেল হিসেবে ভালো সাড়া পাচ্ছি। করোনার সংকট কাটলে বড় পরিসরে আরও অনেক ভিডিও প্রকাশ করতে চাই। যেহেতু এখন অভিনয় করা সম্ভব হচ্ছে না, তাই সময়গুলো নিজের ইচ্ছে পূরণের কাজে লাগাচ্ছি।’

তিশার নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার ভক্তরা। এদিকে আপাতত শুটিংয়ে ফেরার কথা ভাবছেন না ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। বর্তমানে নিজের পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন। গত ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। নাটকগুলোর শুটিং হয়েছিলো লকডাউন শুরুর আগেই।