Sunday, May 17, 2026
Home Blog Page 180

রাশিয়ার ভ্যাকসিন নিয়ে পুতিনের মেয়ের মৃত্যুর দাবি ভাইরাল

প্রাণঘাতী করোনার ভ্যাকসিন নেয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে ক্যাটেরিনা তিখোনোভা মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে। এতে বলা হচ্ছে, রাশিয়ার তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন স্পুটনিক-৫ নেয়ার পর পুতিনের কন্যা ক্যাটেরিনা মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই সংবাদ আদৌ সত্য নাকি গুজব? এ বিষয়ে ফ্যাক্ট চেক করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম আইবি টাইমস।

ব্রিটিশ এই সংবাদমাধ্যম বলছে, গত ১১ আগস্ট বিশ্বে প্রথম নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেয় রাশিয়া। যা মানবদেহে প্রয়োগে রুশ সরকারের সবুজ সংকেত পায়। মানবদেহে প্রয়োগের জন্য ইতোমধ্যে এই ভ্যাকসিনের প্রথম ডোজ উৎপাদন করেছে দেশটি।

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বিশ্বের প্রথম ভ্যাকসিনের ঘোষণা দেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নিরাপদ এবং কার্যকর। শুধু তাই নয়, ভ্যাকসিনটি তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

রুশ এই প্রেসিডেন্টের দুই মেয়ে রয়েছে; যাদের সম্পর্কে জনসম্মুখে খুব কমই কথা বলতে দেখা যায় পুতিনকে। তার এই ঘোষণার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি মেয়েকে স্পুটনিক-৫ ভ্যাকসিন পুশ করা হচ্ছে। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। দেখুন- পুতিনের মেয়ে প্রথমে কোভিড-১৯ ভ্যাকসিন নিচ্ছেন। যদিও ভিডিওতে দেখা যাওয়া মেয়ের সঙ্গে পুতিনের মেয়ের কোনও মিল নেই।

গত ১৫ আগস্ট টরোন্টো ট্যুডে নামের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ভুয়া একটি খবর প্রকাশিত হয়। এই সংবাদের শিরোনামে বলা হয়, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পর মারা গেছেন ভ্লাদিমির পুতিনের কন্যা। এই সংবাদটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন। পুতিনের কন্যা ক্যাটেরিনা তিখোনোভা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরপরই মারা যান। রাশিয়ার পরীক্ষামূলক কোভিড ভ্যাকসিন নেয়ার পর অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেন পুতিনকন্যা। পরে মস্কোতে মারা যান তিনি। ক্রেমলিন এখনও তার মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।

এই দাবি জোরাল করতে সংবাদমাধ্যমটি অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে জানায়, রাশিয়ার একটি সূত্র বলেছে- ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরপরই পুতিনের কন্যা ক্যাটেরিনার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। চিকিৎসকরা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে সক্ষম হননি। গতকাল সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

ইউটিউবেও একটি চ্যানেলে পুতিনকন্যার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। যদি পরবর্তীতে ওই চ্যানেল থেকে ভিডিওটি মুছে ফেলা হয়েছে।

ফ্যাক্টচেকিং ওয়েবসাইট স্নোপস বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ক্রেমলিন এই বিষয়ে কোনও ধরনের বিবৃতি না দেয়ায় ক্যাটেরিনার মৃত্যুর দাবিটি ভিত্তিহীন বলে তারা নিশ্চিত হয়েছেন।

এছাড়া যে সংবাদমাধ্যমটি থেকে পুতিনকন্যার মৃত্যুর খবরটি ভাইরাল হয়েছে; সেই ওয়েবসাইটটিও সংবাদটি প্রকাশের মাত্র কয়েকসপ্তাহ আগে তৈরি করা হয়েছে।

পুতিনের কন্যার মারা যাওয়ার এই দাবি টুইটারে অনেকেই বিশ্বাস করেন; মুহূর্তের মধ্যে ট্রেন্ড হয়ে যায় এই ভুয়া দাবি। একজন ব্যবহারকারী লেখেন, প্রচুর মৃত্যুর পরীক্ষা চলছে। পুতিনের মেয়েও মারা গেলেন। ১৬টি পরীক্ষার মধ্যে ৬ থেকে ৭ জনই মারা যাচ্ছেন। অল্প মৃত্যু। আমি মনে করি, এটি বাধ্যতামূলক আত্মহত্যা।

আসলে পুতিন কন্যার মৃত্যুর দাবিটি ভুয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এই সংবাদ বিশ্বাস করার কোনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। কোনও সূত্রই এই সংবাদের সত্যতা নিশ্চিত করেনি। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পরিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেয়া হয়নি।

সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

দেশে করোনার টিকা কারা আগে পাবেন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর টিকা যেন আগে পাওয়া যায় সরকার সেই চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা দাবি করছেন। তবে এই দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। টিকা পাওয়ার জন্য যেসব প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি এখনো নিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলো।

এ বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান সংবাদমাধ্যমকে বলেন, টিকা আসার আগে অনেক কাজ করতে হবে। বিশেষ করে একটা বেজলাইন সার্ভে করা দরকার। যাতে বোঝা যায় ঠিক কতসংখ্যক মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে, কতজন মানুষের টিকা দরকার। কারণ দেখা গেছে, যাদের মৃদু সংক্রমণ হয়েছে তাদের অ্যান্টিবডি তৈরি হয়নি।

তিনি বলেন, আমরা কাদের টিকা দেব, সেটিও ঠিক করতে হবে। যদি দেশের ২০ ভাগ মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়, তাহলে আরও প্রায় ১৪ কোটি মানুষের জন্য টিকা প্রয়োজন হবে।

তবে করোনার টিকা পাওয়া নিয়ে অগ্রগতি না থাকলেও টিকা পেলে সেই টিকা কীভাবে বণ্টন হবে তা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মোট তিনটি ভাগে করোনার টিকা বণ্টন করা হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবার জন্য একবারে টিকা পাওয়া যাবে না। পাওয়ার পর প্রথমে দেয়া হবে স্বাস্থ্যকর্মীদের, তারপর বয়স্কদের, তারপর সবার জন্য।

টিকাও ধাপে ধাপে আসবে জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে টিকা আসবে, সেভাবেই সারা দেশের সব মানুষের মধ্যে বিতরণ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। তবে সামগ্রিক পরিস্থিতি তাকে জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সিদ্ধান্ত জানালেই আমরা কাজ শুরু করব। এটা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা চলছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরকে সার্বিক প্রস্তুতি নিতে বলা আছে। টিকাদানের প্রস্তুতি বাংলাদেশের রয়েছে।

স্ত্রীর মারধরে গুরুতর আহত আ.লীগ নেতা

0

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে (৫০) পিটিয়ে আহত করেছেন তার স্ত্রী মিলি আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোরে শহরের সৈয়দারবালী এলাকায় ইলিয়াস আহম্মেদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ইলিয়াস আহম্মেদ হাওলাদার ও তার পরিবারের সদস্যরা। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার ভোরে ঘরে থাকা শিল দিয়ে ইলিয়াসের মাথায় আঘাত করেন তার স্ত্রী মিলি। পরে রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সকালে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন ইলিয়াস। তার মাথার তিনটি স্থানে আঘাত ছিল। হাতেও আঘাতের চিহ্ন আছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) রেজাউল করিম বলেন, ‘পারিবারিক ঝগড়া থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস আহম্মেদকে ঢাকায় পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি পারিবারিক। তাই এখনও কোনো আইনি সিদ্ধান্তে আমরা যাইনি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, ঘটনা শুনে আমরা হাসপাতালে যাই। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে তার স্ত্রী এ রকম করলেন তা আমাদের জানা নেই। পারিবারিক কলহের জের ধরেই হয়ত ঘটেছে। তাই আমরা এ বিষয় নিয়ে মাথা ঘামাইনি।

বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস আহম্মেদের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তান কাউকে পাওয়া যায়নি। গাড়ির চালকও ইলিয়াসের মামা বাড়িতে আছেন। মামা মো. শহীদ বলেন, ‘এটা পারিবারিক ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব।’

ইলিয়াসের স্ত্রীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি তার বাবার বাড়িতে রয়েছেন।

সালমান খানকে হত্যার ষড়যন্ত্র, গ্রেফতার ৫

করোনাভাইরাস মহামারির মধ্যেই বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার পরিকল্পনা করেছিল একটি সংঘবদ্ধ চক্র। পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত সালমানের বান্দ্রার বাড়ির ওপর ছিল নজরদারি। কখন তিনি বাড়ির বাইরে যান, কোথায় কোথায় তিনি যেতেন, সবই নজরে রাখা হতো। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে সংঘবদ্ধ ওই চক্র। খবর আনন্দবাজারের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাহুল সংঘ নামে এক শার্প শুটারকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশের অপরাধ বিভাগ। সঙ্গে ধরা পড়ে আরও চার ব্যক্তি। রাহুলের কাছ থেকে উদ্ধার করা হয় গুলি ভরা পিস্তল। রাহুল ভিওয়ানির বাসিন্দা।ফরিদাবাদের ডিসিপি (হেডকোয়ার্টার) রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীণকে খুনের অপরাধে গ্রেফতার করা হয় রাহুলকে। গ্রেপ্তারের পর জেরার সময় প্রকাশ্যে আসে সালমানকে খুনের পরিকল্পনা।

গ্যাংস্টার লরেন্স বিশন গত জানুয়ারি থেকে রাহুলকে বিশেষ নজর রাখতে বলেছিল সালমানের ওপর এবং সুযোগ বুঝে হত্যার নির্দেশ দিয়েছিল। আপাতত লরেন্স রয়েছে যোধপুরের জেলে। তবে জেলে থাকলেও সেখান থেকেই সালমান খানকে খুনের পরিকল্পনা করেন তিনি।

লরেন্সের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতার খবর শোনা যায়। সালমানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠার পর থেকেই লরেন্সের নজর রয়েছে তার ওপর। 

অনিশ্চয়তা কাটছে এইচএসসির

0

করোনার ধাক্কায় পিছিয়ে গেছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গত এপ্রিলের প্রথম দিন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সে পরীক্ষা এখনো হয়নি। এই পরিস্থিতিতে এক অনিশ্চিত শিক্ষা জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের উচ্চশিক্ষার পাইপলাইন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা হবে কি হবে না, হলেও কবে হবে, তা নিয়ে আছে নানা গুঞ্জন। এই অবস্থায় এইচএসসি পরীক্ষা বিষয়ে গত সোমবার সরকারের অবস্থান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। বলেছেন, ২৫ আগস্টের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। এদিকে করোনাকাল স্বাভাবিক হতে শুরু করেছে। প্রায় সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। ফলে এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে, পরীক্ষাও হবে- এমনটা ধরে নিয়ে নতুন করে পড়াশোনায় মন দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার পর লকডাউন অবস্থায় তাদের অনেকেরই তেমন পড়াশোনা হয়নি। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের বক্তব্য শোনার পর তারা নতুন করে পড়াশোনায় মন দিয়েছেন। রাজশাহীর বেশ কয়েকজন পরীক্ষার্থী এমন তথ্যই জানিয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা গত এপ্রিলে অনুষ্ঠিত হলে এতদিনে তাদের ফলাফল প্রকাশ হয়ে যেত। কিন্তু সংকটকালীন এই সময়ে তাদের শিক্ষা জীবনে নেমে আসে বাধা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শেষ হওয়ায় তারা ভুলতে বসেছিল তাদের পড়াশোনা

রাজশাহী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, ‘লকডাউন অবস্থায় আসলে তেমন পড়াশোনা হয়নি। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সে কারণে নতুন করে পড়াশোনা শুরু করেছি। কিছুদিন সময় পেলে প্রস্তুতি আবার ঠিকমতোই হয়ে যাবে।’

রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতিই তাদের আছে। স্বাস্থ্যবিধি মেনে সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে শুরু হতে পারে এ বছরের এইচএসসির পরীক্ষা।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন বলেন, ‘পরীক্ষা নেওয়াটা শুধু রাজশাহী বোর্ডের একার সিদ্ধান্তে হবে না। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের সব প্রস্তুতিই আছে। সরকার যখন চাইবে তখনই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।’

ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’, ডা. জাফরুল্লাহ বিরুদ্ধে মামলা

0

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা হিসেবে নিয়ে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে চট্টগ্রামের আদালত।

আজ বুধবার বিকেলে চট্টগ্রামের মহানগর হাকিম আবু ছালেহ মো. নোমান এ আদেশ দেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মিথুন বিশ্বাস।

এই আইনজীবী জানান, আদালত মামলার তদন্ত করে ১৯ নভেম্বর প্রতিবেদন জমা দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। এর আগে দুপুরে আদালতে অভিযোগটি করেন চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম ধলই গ্রামের মানিক দের ছেলে বিপ্লব দে।

বাদীর আইনজীবী মিথুন বিশ্বাস বলেন, ‘ঢাকায় ভাসানী পরিষদের এক সভায় রামায়ন ও মহাভারত সম্পর্কে যে মন্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী করেছেন, তাতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে।’

তিনি বলেন, ‘দণ্ডবিধির ৫০০ ধারায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা সমন জারির আবেদন করেছি। আদালত অভিযোগটি গ্রহণ করে বিকেলে আদেশের জন্য রেখেছেন।’

অভিযোগে উল্লেখ করা হয়, ৯ আগাস্ট বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ‘ইচ্ছাকৃত ও উদ্দেশ্যমূলকভাবে’ সনাতন ধর্ম ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

এতে বলা হয়, ‘হিন্দু ধর্মের গ্রন্থ মহাভারত, রামায়ন দুটোর মধ্যেই প্ররোচনা ও মিথ্যাচারের গল্পকাহিনী রয়েছে’ বলে জাফরুল্লাহ মন্তব্য করেন, যা দৈনিক পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

রামায়ন ও মহাভারত সনাতন ধর্মীয় দর্শনের ‘ভিত্তি’ উল্লেখ করে অভিযোগে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জনসম্মুখে দেওয়া বক্তব্য মনগড়া, আপত্তিকর, ধর্মীয় বিদ্বেষমূলক ও বেআইনি।

ওই বক্তব্যে ‘কুৎসা ও হিংসাত্মক নিন্দাবাদ’ প্রচারের মাধ্যমে সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করা হয়েছে উল্লেখ করে অভিযোগে বলা হয়, ‘কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার কুমানসে প্রকাশ্যে এরূপ ধর্ম অবমাননাকর বক্তব্য দিয়েছেন।’

এতে সনাতনী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করায় অভিযোগকারী ব্যক্তিগতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত এবং সম্প্রদায়ের মানহানিতে নিজের মানহানি অনুভব করে অভিযোগটি করেছেন বলে উল্লেখ করা হয়।

করোনায় আক্রান্ত হলেন সিলেটের পুলিশ কমিশনার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। গতকাল সোমবার (১৭ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পুলিশ কমিশনারের নমুনা পরীক্ষা করলে তার রিপোর্ট পজিটিভ আসে।

এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা দেন গোলাম কিবরিয়া বিপিএম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন।

পুকুরে মাইক্রোবাস, প্রান গেল একই পরিবারের ৮ জনের

0

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে। আজ সকাল ৭টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

সিনহার হাতে কোনো অস্ত্র ছিল না: র‍্যাব

0

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করে র‌্যাবের মহাপরিচালক বলেন, গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে, হাঁটু গেড়ে বসেন তিনি। মেজর সিনহার হাতে তখন কোনো অস্ত্র ছিল না। গতকাল সোমবার (১৭ আগস্ট) মেজর সিনহা হত্যার ঘটনাস্থল পরিদর্শনকারী র‌্যাব মহাপরিচালক এমন তথ্যই জানিয়েছেন।

শিগগিরই তদন্ত শেষ হবে জানিয়ে র‌্যাব ডিজি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে মামলা তদন্তে বিব্রত নন তারা।’ এসআই লিয়াকত গুলি করার সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহার হাতের অবস্থান র‌্যাব মহাপরিচালককে দেখান মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম।

এছাড়া টেকনাফের শামলাপুর চেকপোস্টে যে ড্রাম ব্যবহার করে গাড়ির গতিরোধ করা হয় এবং গুলিবিদ্ধ হওয়ার পর সিনহার দেহ কোথায় পড়েছিল তাও দেখানো হয়। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন্স, ডিজিকে জানান শামলাপুর চেকপোস্টে আসার আগে সিনহার গাড়ি বিজিবির চেকপোস্টে থেমেছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ পরিচালনা করে তাদের মনে হয়নি যে গাড়িটি কেউ তাড়া করছে।

পরিদর্শন শেষে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘তদন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হত্যা মামলা তদন্ত করতে তারা বিব্রত নন।’ র‌্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটা আমরা খুঁটিয়ে দেখছি। যে সব তথ্য পাচ্ছি প্রতিটি তথ্য নিয়ে তদন্ত করছি। সব কিছুই জানতে পারবেন।’ মামলার তদন্ত তদারকিতে সকালে হেলিকপ্টারে উড়ে আসেন র‌্যাব প্রধান।

সাগরে ঝাঁপ দিয়ে দুই কিশোরীকে উদ্ধার করলেন পর্তুগিজ প্রেসিডেন্ট

পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সোসা কোনো রকম প্রটোকল ছাড়াই সাগরের উপকূলে ঝাঁপিয়ে পড়ে দুই কিশোরীকে উদ্ধার করেছেন। আন্তর্জাতিক মহলে এ বিষয়টি হৈচৈ ফেলে দিয়েছে।

শনিবার সাঁতার কাটার সময় বিপদে পড়েন দুই কিশোরী। এসময় তাদেরকে রক্ষা করতে পানিতে নামে উদ্ধারকারী দল। একপর্যায়ে উদ্ধারকারী দলকে সহায়তায় সমুদ্রে নিজেই নেমে পড়েন পর্তুগিজ প্রেসিডেন্ট। তারা নিরাপদেই আছে বলে জানা গেছে।

করোনার কারণে দীর্ঘদিন সমুদ্র সৈকতে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় খুলে দেয়া হয়েছে সৈকত।

গ্রীষ্মকালীন দাবদাহ থেকে কিছুটা প্রশান্তি পেতে এ সময়ে সাগরের তীরে ভিড় জমান দেশটির সাধারণ মানুষ। অনেকে সাঁতার না জানায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।

এ সময় পর্তুগিজ প্রেসিডেন্ট সেই কিশোরীদের সতর্ক করে দেন।