Sunday, June 14, 2026
Home Blog Page 168

জেনে নিন রমজানে কেকা ফেরদৌসীর রান্নার খবর

0

সকলের জনপ্রিয় বিখ্যাত রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি প্রতিবছরই মজার সব রান্না ও মনোহরী ইফতারি তৈরির অনুষ্ঠান নিয়ে উপস্থিত হন আমাদের সবার মাঝে।

এবারও এর ব্যাতিক্রম হবে না। এই রমজানে নিত্যনতুন রেসিপি নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় প্রতিদিন দুপুরে বিচিত্ররকম খাবার নিয়ে আসছেন সবার প্রিয় রন্ধনশিল্পী কেকা।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন তার ভক্তদের।

কেকা ফেরদৌসি তার পোস্টে লিখেছেন, পবিত্র রমজান মাসে চ্যানেল আইয়ে প্রতিদিন দুপুর ৩টা ৩০ মিনিটে দেখুন ঐক্য ডট কম ডট বিডি এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সেমাই প্রেজেন্টস ‘কেকা ফেরদৌসীর সাথে নতুন উদ্যোক্তার রান্না’।

এনএইচ২৪/জেএ/২০২১

সারাদেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৯৬

0

সারাদেশে মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯,৯৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,১৮৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ১৯৯ জন।

এনএইচ২৪/জেএ/২০২১

হেফাজতের সহকারী মহাসচিব শাখাওয়াত গ্রেপ্তার

0

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতিকে গ্রেপ্তার করে।

সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতিকে গ্রেপ্তার দেখানো হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

নিখোঁজ নায়িকা পপি

0

বেশ কিছুদিন ধরেই ঢালিউড পাড়ায় ভেসে বেড়াচ্ছে নায়িকা পপির বিয়ের গুঞ্জন। তবে এব্যাপারে এখনো মুখ খুলেননি পপি।

কে সেই পাত্র কি তার বিস্তারিত, তা জানা না গেলেও পপির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন বেশ মজবুত হয়েছে।

এদিকে আড়ালে চলে যাওয়া পপির জন্য আটকে আছে একটি সিনেমা৷ সে সিনেমার পরিচালক খুঁজে বেড়াচ্ছেন নায়িকাকে। প্রায় ছয়মাস ধরে চিত্রনায়িকা পপির খোঁজ পাচ্ছেন না গণমাধ্যমকর্মীরাও।

তার ব্যবহৃত মুঠোফোনটি থাকছে বেশিরভাগ সময় বন্ধ। মাঝেমধ্যে খোলা পাওয়া গেলেও তিনি ফোন ধরেন না। এসএমএস পাঠালেও সাড়া দেন না। একই অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এনএইচ২৪/জেএ/২০২১

কেমন কাটল বেগম খালেদা জিয়ার প্রথম রোজা

0

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতিই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান।

পবিত্র রমজানের প্রথম দিন কোরআন তেলওয়াত আর ইবাদত-বন্দিগী করে সময় কাটিয়েছেন খালেদা জিয়া। তার বোন সেলিমা ইসলামের বরাত দিয়ে বুধবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। ম্যাডামের অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।

তিনি আরও জানান, রমজানের প্রথমদিন তার ছোট ভাইয়ের বাসা থেকে ‘ফিরোজায়’ ইফতারসামগ্রী পাঠানো হয়। করোনা আক্রান্ত হওয়ায় কেউ বাসায় না গেলেও সকলেই তার খোঁজ-খবর রাখছেন।

প্রসঙ্গত, খালেদা জিয়া ছাড়াও গুলশানে ‘ফিরোজায়’ তার গৃহকর্মীসহ আরও ৮ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

0

ইকবাল মোরশেদ, কুমিল্লা

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশ সরকারের সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) নবনির্বাচিত সভাপতি এবং কুমিল্লা-৫ আসনের সাংসদ আবদুল মতিন খসরু।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন আবদুল মতিন খসরু। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয় তাকে। পরে তার শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় ৩১ মার্চ বুধবার কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়।

গত ১ এপ্রিল করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বুধবার বিকেলে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান।

গত ১২ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন সুপ্রিমকোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বিএনপি সমর্থক প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি দুইবার বিএনপি সমর্থক প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন।

আ‘লীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১ সালে কুমিল্লা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিন খসরু। তারপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তিনি।

এনএইচ২৪/জেএ/২০২১

সোনাগাজীতে প্রবাসীর পরিবারের উপর হামলা ও বাড়ি ছাড়ার হুমকি

0

ইকবাল মোরশেদ, সোনাগাজী

ফেনীর সোনাগাজীতে বিতর্কিত নথির জমি দখলে নিতে আবারো প্রবাসী মিলন ও মিজানের পরিবারের উপর সন্ত্রাসি হামলা ও বাড়ী ঘরছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে মোটরসাইকেলের বহর নিয়ে স্থানীয় মেম্বার আবদুল্লাহ ও যুবলীগের কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীদের নেতৃত্বে ওই প্রবাসীর বাড়ীতে হামলা করেছে সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীরা প্রবাসীর পরিবারকে বাড়ী ঘর ছেড়ে যেতে বলে, না হয় উচ্ছেদ করার হুমকি দেয়। এর আগে শুক্রবার বিকালে একইভাবে হামলা করে ওইসব সন্ত্রাসীরা ।

আহত গৃহকর্তা আমির হোসেন জানায়, উপজেলার চর খোয়াজ গ্রামে বক্কার খাল পাড়ে ২২শতক সরকারি খাস জায়গায় নথি বরাদ্দ পেয়ে খতিয়ান সৃজন করেন জামাল উদ্দিন ছুট্টু নামের এক কথিত ভূমিহীন।

ওই জমি দখলে নিয়ে নির্মান কাজ করলে দুটি গ্রামের পানি চলাচলে বিঘ্ন ঘটার আশংকা থাকায় এলাকাবাসি বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় ইউপি সদস্য আবদুল্লাহর নেতৃত্বে শতাধিক সন্ত্রাসি দেশিও অস্ত্র নিয়ে প্রবাসী মো.মিলন ও মো. মিজানের বাড়ী ও বসতঘরে হামলা ভাংচুর চালায়।
এতে মিলনের পিতা আমির হোসেন, মা, মিলনের স্ত্রী, মিজান ও তার স্ত্রী সহ অন্তত ১০জন আহত হন।

প্রবাসী মোঃ মিলন জানান, পরিবারের উপর তৃতীয় দফা হামলার ঘটনায় আদালতে মামলা দেয়ার প্রস্তুতি চলছে। তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

রাজশাহীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। এ পর্যন্ত এ বিভাগে মোট মৃত্যু ৪২৬ জন।

সোমবার (১২ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত ৪২৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। ২য় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

এনএইচ২৪/জেএ/২০২১

সাংবাদিক সুমনের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

0

রংপুর সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় জড়িত নাজমুল হক এবং সেলিম মিয়া নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত দুজনেই কুখ্যাত জুয়াড়ি বলে অভিযোগ রয়েছে ।

সাব ইন্সপেক্টর বাপ্পী কুমার জানান, তার নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনার এজাহারভূক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

বগুড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে মিলছে দুধ, ডিম, মুরগি ও মাংস

0

মুহাম্মদ মতিন, বগুড়া

দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে বগুড়ায় ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মুরগী ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ ডেইরি ফার্মাস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশনের বাস্তবায়নে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়েছে।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় ট্রাকযোগে এ ভ্রাম্যমাণ পণ্য বিক্রি কার্যক্রমের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা, বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তুষার আহমেদ, সদর উপজেলায় কর্মরত ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর বাবু, পোল্ট্রি ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ দায়িত্ব প্রাপ্ত এলএসপি।

এই কর্মসূচীকে আরো অধিক কার্যকর ও সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সামাদ।

করোনাকালীন সময়ে মানুষের দোরগোড়ায় দুধ, ডিম ও মাংসের যোগান দিতে এবং প্রান্তিক খামারীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বগুড়া জেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।

দুধ,ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।

এনএইচ২৪/জেএ/২০২১