Tuesday, March 31, 2026
Home Blog Page 29

সাবেক এমপি বদির ম্যানেজার জাফর গ্রেফতার

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে তাকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জাফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া কর্মকর্তা) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ‘‌‌প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে অর্থ সহায়তা’

প্রসঙ্গত, ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে ইয়াবা কারবারে বিতর্কিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‌্যাব।

এরপর ২ সেপ্টেম্বর সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইট উড্ডয়নের আগমুহূর্তে বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেফতার করে র‍্যাব।

‘‌‌প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে অর্থ সহায়তা’

ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শনিবার (২ নভেম্বর) থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে অর্থ সহায়তা দেয়া শুরু হবে। ধাপে ধাপে সব বিভাগে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সারজিস বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ৮ বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।’

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে ডিল করা হবে। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেয়া হবে। প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবার ৫ লাখ ও আহতদের ১ লাখ করে টাকা পাবেন।’

শহীদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে জানিয়ে সারজিস বলেন, ‘শুধু ১৬০০০ নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেওয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।’

আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬০০ এর বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে বলেও জানান সারজিস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি প্রার্থীরা ৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯-২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আরও পড়ুন: খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

শিক্ষার্থীরা নিম্নোক্ত পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবে। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিট, কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট এবং আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তি-ইচ্ছুকদের। চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হব।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (৩০ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।

২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। একই সঙ্গে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি।

আরও পড়ুন: হাসিনা সরকারের চার মন্ত্রীসহ ৮ জন ৪১ দিনের রিমান্ডে

২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’।

শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না’।

এরপর ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। নোটিশের বিষয়ে যথাযথ পদক্ষেপ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তিনি।

আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেফতার

একই বছরের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ২৪ জানুয়ারি এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে বিচারিক আদালতে মামলা করলেন মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

হাসিনা সরকারের চার মন্ত্রীসহ ৮ জন ৪১ দিনের রিমান্ডে

আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রীসহ আটজনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বহিষ্কৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক দুটি আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে সাবেক ডিসি গ্রেফতার

আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে রাজধানীর পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৮দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় পাঁচদিন ও বাড্ডা থানার হত্যা মামলায় ৩দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল-মামুনকে ধানমন্ডি থানার মামলায় তিনদিন ও বংশাল থানার মামলায় চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মোহাম্মদপুর থানার মামলায় সাধন চন্দ্রের তিনদিন ও যাত্রাবাড়ী থানার মামলায় শাজাহান খানের তিনদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এছাড়া নিউমার্কেট থানার মামলায় জিয়াউল, চকবাজার থানার মামলায় হাজী সেলিম, ধানমন্ডির থানার হত্যা মামলায় ইনু ও চকবাজার থানার মামলায় তানভীরের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে সাবেক ডিসি গ্রেফতার

জুলাই-আগস্টের গণহত্যায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) সাবেক ডিসি জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেফতার

আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।

তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো আসামিকে হাজির করা হবে।

সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ গ্রেফতার

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার নাশকতার ১০ মামলা বাতিল

আবদুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

খালেদা জিয়ার নাশকতার ১০ মামলা বাতিল

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ১০টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুন: দুটি পিস্তলসহ যুবককে আটকের পর সেনাবাহিনীকে দিল জনতা

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

দুটি পিস্তলসহ যুবককে আটকের পর সেনাবাহিনীকে দিল জনতা

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। আটক সোহেল ওই এলাকার হারুনের ছেলে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশায় করে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখান। তারা পিস্তলও প্রদর্শন করেন। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে পালিয়ে গেলেও জনতার হাতে ধরা পড়েন সোহেল। পরে তার কাছ থেকে নাইন এমএম নামে একটি পিস্তল, একটি খেলনা পিস্তল ও ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনাসদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে সোহেলকে অস্ত্রসহ তাদের হেফাজতে নেয়।

আরও পড়ুন: আবারও তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিদেশি পিস্তল ও কিছু দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে স্থানীয় ছাত্র-জনতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। সঙ্গে একটি খেলনা পিস্তলও ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আবারও তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে ফেসবুক

ভারতে বসবাসরত বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। আলোচিত এই লেখিকার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) থেকে তসলিমা নাসরিনের অ্যাকাউন্টটি এমন ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে। সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু ‘রিমেম্বারিং’ লেখা হয়ে থাকে।

তার আইডিতে ঢুকলে দেখা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর মাকেও জিম্মি করলেন যুবলীগ নেতা!

হঠাৎ এ ‘রিমেম্বারিং’ শব্দে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনরা। কেননা কোনো ফেসবুক প্রোফাইল ‘রিমেম্বারিং’ করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

প্রসঙ্গত, আইডি ‘রিমেম্বারিং’ হওয়ার ঘটনা এবারই প্রথম নয় তসলিমা নাসরিনের। ২০২২ সালেও একবার অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়েছিল তার। তবে সেসময় এক্স এ পোস্ট করে তিনি জানিয়েছিলেন, জীবিত আছেন। কিন্তু এবার কোনো বার্তা এখনও দেননি তিনি।